আগুনে গরুর সঙ্গে স্বপ্ন পুড়েছে কৃষক নজরুলের

অগ্নিকাণ্ডে কৃষক নজরুল ইসলামের গোয়ালঘরে থাকা তিনটি গরুর মধ্যে দুটি পুড়ে মারা গেছে। বুধবার দুপুরে গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের বিলহরিবাড়ি গ্রামে
ছবি: প্রথম আলো

কৃষক নজরুল ইসলামের পাঁচ সদস্যের সংসারে অর্থনৈতিক অবলম্বন ছিল তিনটি গরু। কোরবানির ঈদ ঘিরে গরু তিনটি সন্তানের মতো লালনপালন করছিলেন তিনি। আজ বুধবার দুপুরে অগ্নিকাণ্ডে দুটি গরু পুড়ে মারা গেছে। অন্যটিও দগ্ধ হয়ে মৃতপ্রায় অবস্থা। এখন গরুর শোকে পাগলপ্রায় অবস্থা ওই কৃষকের।

নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের বিলহরিবাড়ি গ্রামে নজরুল ইসলামের বাড়ি। আজ বেলা দুইটার দিকে লাগা আগুনে গরুর সঙ্গে তাঁর বসতঘরে থাকা আসবাব, ধান–চালসহ রান্নাঘর ও একটি গোয়ালঘর পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে গেছে পরিবারটি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বেলা দুইটার দিকে নজরুল ইসলামের রান্নাঘর থেকে আগুন পাশের ঘরে ছড়িয়ে পড়ে। পরে প্রতিবেশী রেজাউল করিম, জাহাঙ্গীর হোসেন, বেল্লাল হোসেন ও খোকন নামের আরও চার কৃষকের ঘরে আগুন ছড়িয়ে যায়। অগ্নিকাণ্ডে তাঁদের ছয়টি ঘর পুড়ে গেছে।

গুরুদাসপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, অনুন্নত যোগাযোগব্যবস্থার কারণে নদী পার হয়ে ভ্যানে ও হেঁটে ঘটনাস্থলে যেতে হয়েছে তাঁদের। এ জন্য সেখানে পৌঁছানোর আগে কৃষক নজরুল ইসলামসহ অন্য ব্যক্তিদের বসতবাড়ি পুড়ে যায়। সরকারি হিসাবে ছয়-সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তাঁরা ঘটনাস্থলে যাওয়ায় অন্তত ৩০ লাখ টাকার সম্পদ রক্ষা পেয়েছে বলে তিনি দাবি করেন।

কৃষক নজরুল ইসলামের প্রতিবেশীরা জানান, নজরুল প্রান্তিক পর্যায়ের কৃষক। খেতখামারে কাজ করে এবং নিজের সামান্য জমি চাষ করে পাঁচ সদস্যের সংসার চলে। এ আয়ে দুই ছেলে ও এক মেয়ে স্কুল-কলেজে পড়ালেখা করে। কোরবানির ঈদ ঘিরে গরু তিনটিকে নিয়ে বাড়তি আয়ের স্বপ্ন ছিল। কিন্তু সব শেষ হয়ে গেল।