চট্টগ্রামে ভুয়া দন্ত চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ডের সঙ্গে লাখ টাকা জরিমানা

মনিরুল ইসলাম
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় একজন ভুয়া দন্ত চিকিৎসককে ছয় মাসের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার দুপুরে হালিশহর জি ব্লক এলাকায় সেতু ডেন্টাল নামের একটি বেসরকারি ক্লিনিকে অভিযান চালিয়ে মনিরুল ইসলাম নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত এই অভিযানে নেতৃত্ব দেন। এ সময় সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা (রোগনিয়ন্ত্রণ) মো. নুরুল হায়দার উপস্থিত ছিলেন।

প্রতীক দত্ত জানান, হালিশহর জি ব্লকে সেতু ডেন্টাল ক্লিনিক নামের একটি প্রতিষ্ঠান খুলে রোগী দেখতেন মনিরুল ইসলাম। তিনি নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতেন। কিন্তু তিনি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধনভুক্ত নন। তাঁর কোনো ডিগ্রি নেই। এভাবে প্রতিদিন রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন তিনি।  

সংশ্লিষ্ট সূত্র জানায়, মনিরুল ইসলামের প্রেসক্রিপশন প্যাডে তাঁর নামের আগে ‘ডা.’ লেখা রয়েছে। এ ছাড়া সেখানে ‘ডেন্টাল সার্জন’ উল্লেখ করা হয়েছে। অভিযানে উপস্থিত থাকা সিভিল সার্জনের প্রতিনিধি চিকিৎসক মো. নুরুল হায়দার যাচাই–বাছাই করে মনিরুল ইসলামকে ভুয়া চিকিৎসক হিসেবে হিসেবে শনাক্ত করেন। পরে তাঁকে নগদ এক লাখ টাকা জরিমানা ও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।