
কুষ্টিয়া শহরে পারিবারিক কলহের জেরে দিনদুপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের হরিশংকরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওই গৃহবধূর নাম শিউলি খাতুন (৩০)। তিনি হরিশংকরপুর এলাকার মন্টু মণ্ডলের স্ত্রী ছিলেন। এ ঘটনায় প্রতিবেশীরা শিউলির স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। পুলিশ নিহত গৃহবধূর লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পারিবারিক কলহের জেরে স্বামী মন্টু মণ্ডলের সঙ্গে আজ দুপুরে শিউলির কথা–কাটাকাটি ও ঝগড়া হয়। একপর্যায়ে মন্টু মণ্ডল ক্ষিপ্ত হয়ে রান্নাঘর থেকে তরকারি কাটার বঁটি এনে শিউলিকে উপর্যুপরি কুপিয়ে জখম করেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই গৃহবধূ শিউলির মৃত্যু হয়। প্রতিবেশীরা দ্রুত এগিয়ে গিয়ে মন্টু মণ্ডলকে আটক করে পুলিশকে খবর দেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদৎ হোসেন প্রথম আলোকে বলেন, ধারালো অস্ত্রের আঘাতে গৃহবধূ শিউলিকে হত্যা করা হয়েছে। জড়িত সন্দেহে তাঁর স্বামী মন্টুকে আটক করেছে পুলিশ। পারিবারিক কলহ ছাড়াও হত্যার অন্য কোনো কারণ আছে কি না, সেটা পুলিশ খতিয়ে দেখছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা করা হচ্ছে।