ধুনটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি

বগুড়া জেলার মানচিত্র
বগুড়া জেলার মানচিত্র

বগুড়ার ধুনট উপজেলায় মথুরাপুর ইউনিয়নের উলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। বিদ্যালয় থেকে একটি প্রজেক্টর ও একটি নলকূপ নিয়ে গেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে আজ শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

উলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোকন মাহমুদ প্রথম আলোকে বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষে বিদ্যালয়ে ছুটি চলছে। বৃহস্পতিবার পাঠদান শেষে বিদ্যালয়ের ভবন তালাবদ্ধ করে শিক্ষক-শিক্ষার্থীরা যার যার বাড়িতে চলে যায়। আজ শনিবার সকালে বিদ্যালয়ের পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় পথচারীরা দেখতে পান বিদ্যালয়ের কক্ষের দরজা ও তালা ভাঙা। খবর পেয়ে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, দুর্বৃত্তরা একটি নলকূপ ও প্রজেক্টর নিয়ে গেছে। এ ছাড়া বিদ্যালয়ের কার্যালয়ে রক্ষিত কয়েকটি আলমারির তালা ভেঙে মূল্যবান কাগজপত্র তছনছ করেছে। শুক্রবার দিবাগত রাতের কোনো একসময় এ ঘটনা ঘটেছে বলে জানান প্রধান শিক্ষক।

ধুনট থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, বিদ্যালয়ে চুরির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।