জাফলংয়ে পর্যটকের পাথরচাপা লাশ উদ্ধারের ঘটনায় মামলা

জাফলং
প্রথম আলোর ফাইল ছবি

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পর্যটক আলে ইমরানের (৩২) লাশ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার সকালে গোয়াইনঘাট থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলাটি করেন নিহত পর্যটকের বাবা মো. আবদুল জব্বার।

গতকাল বেলা তিনটার দিকে জাফলংয়ের বল্লাঘাট এলাকার একটি আবাসিক হোটেল–সংলগ্ন ডাউকি নদের কাছাকাছি একটি দেয়ালের পাশ থেকে পাথরচাপা অবস্থায় আলে ইমরানের লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের পর থেকে গত ২৪ ঘণ্টা ধরে আলে ইমরানের স্ত্রী খোশনাহার (২০) নিখোঁজ আছেন। তাঁকে এখন পুলিশ খুঁজছে।

মামলার এজাহার সূত্রে ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, আলে ইমরানের বাড়ি কিশোরগঞ্জের নিকলী উপজেলার ছেত্রা গুরই গ্রামে। গত রোববার স্ত্রী খোশনাহারকে নিয়ে তিনি জাফলংয়ে বেড়াতে যান। তাঁরা জাফলংয়ের বল্লাঘাট এলাকার হোটেল রিভারভিউয়ে ওঠেন। ওই আবাসিক হোটেলে তাঁরাই একমাত্র অতিথি ছিলেন। গতকাল বেলা তিনটার দিকে হোটেল-সংলগ্ন ডাউকি নদের পাশের একটি দেয়ালের পাশে আলে ইমরানের লাশ পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি স্থানীয় লোকজনের মাধ্যমে গোয়াইনঘাট থানা-পুলিশ জানতে পেরে লাশটি উদ্ধার করে। এ ঘটনার পর থেকে স্ত্রী খোশনাহারকেও খুঁজে পায়নি পুলিশ। হোটেলের ক্লোজড সার্কিট টিভি ক্যামেরার (সিসিটিভি ক্যামেরা) ভিডিও ফুটেজে এ বিষয়ে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি।

আলে ইমরানের নিহত হওয়ার খবর পেয়ে সিলেটে আসেন তাঁর বাবা মো. আবদুল জব্বার। তিনি এলাকার একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন। তাঁর চার মেয়ে এবং এক ছেলে। তিনি প্রথম আলোকে বলেন, ছেলে মারা যাওয়ার খবর পেয়ে আরও কয়েকজন স্বজনকে নিয়ে গতকাল রাতে সিলেটে পৌঁছেছেন। ছেলে ইমরান ঢাকায় থাকতেন। সেখানে একটি জুতার কারখানায় কাজ করতেন। স্ত্রীও তাঁর সঙ্গে থাকতেন। কয়েক বছর আগে একে অপরের সঙ্গে পরিচয়ের সূত্র ধরেই তাঁদের বিয়ে হয়েছিল। সম্প্রতি তাঁরা কিশোরগঞ্জের বাড়িতে আসার পর গত শনিবার সিলেটের মাজার জিয়ারত করার কথা বলে বাড়ি থেকে চলে গিয়েছিলেন। এরপর গতকাল ছেলের লাশ উদ্ধারের খবর পেয়েছেন তিনি।

সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল ইসলাম বলেন, নিহত আলে ইমরানের গলায় কালো দাগ দেখা গেছে। ধারণা করা হচ্ছে, রোববার রাতে ইমরানকে হত্যার পর লাশ গুম করতে দেয়ালের পাশে পাথরচাপা অবস্থায় রাখা হয়েছিল। পুলিশ ঘটনার তদন্ত করছে। নিহত যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।