জামালপুরে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, প্রতিবাদে সমাবেশ

জামালপুরে আওয়ামী লীগের শোভাযাত্রা থেকে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানোর অভিযোগে বিএনপির প্রতিবাদ সমাবেশ। বুধবার রাতে শহরের শফি মিয়ার বাজার এলাকায়
ছবি: প্রথম আলো

জামালপুরে আওয়ামী লীগের ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’ থেকে বিএনপির কার্যালয়ে সামনে ককটেল বিস্ফোরণ ঘটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ বুধবার রাত সাড়ে আটটার দিকে শহরের শফি মিয়ার বাজার এলাকায় দলীয় কার্যালয়ের সামনে তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন; যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক খান; সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান, শফিকুল ইসলাম খান প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, আজ বিকেলে জেলা আওয়ামী লীগ ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’ বের করে। শোভাযাত্রাটি বিএনপির কার্যালয় অতিক্রমের সময় পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। একটি সংগঠনের কার্যালয়ে এভাবে ককটেল বিস্ফোরণ খুবই ন্যক্কারজনক। বোমা মেরে বিএনপির আন্দোলন দমানো যাবে না। বর্তমান সরকার পদত্যাগ না করা পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে। বক্তারা সরকার পতনের এক দফা আন্দোলনে নেতা-কর্মীদের সরব অংশগ্রহণের আহ্বান জানান। পাশাপাশি দলীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তবে ককটেল বিস্ফোরণের অভিযোগ অস্বীকার করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহ। তিনি সাংবাদিকদের বলেন, ‘আসলে আমাদের কর্মীরা এ ধরনের কাজ করে নাই, করতে পারেন না। আমাদের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রাটি যখন মহিলা কলেজের দিকে যায়, তখন বিএনপির কর্মীরা নিজেদের কার্যালয়ের সামনে ককটেল ফাটিয়ে অজুহাত তৈরি করে বিক্ষোভ সমাবেশ করেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের শোভাযাত্রার সময় পুলিশ এমন কোনো ঘটনার কথা শোনেনি। সাংবাদিকদের মাধ্যমে তিনি এ ঘটনা প্রথম শুনলেন।