বিরামপুর বাজারে হঠাৎ এল হনুমান, কৌতূহল-আলোচনা

হনুমান দেখতে এসেছেন উৎসুক মানুষ। মঙ্গলবার বিকেলে দিনাজপুরের বিরামপুর উপজেলার সীমান্তবর্তী কাটলা বাজারে কাটলা জামে মসজিদের সিঁড়িতে
ছবি: প্রথম আলো

বাজারে হনুমান আসায় হইচই পড়ে যায়। ক্রেতা-বিক্রেতারা কেনাবেচা বাদ দিয়ে হনুমানের দিকে দোকানের ছাদে ও গাছের মগডালে চেয়ে থাকেন। কেউবা আবার হনুমানের দিকে পাকা কলা ও বাদাম ছুড়ে মারেন। এক জায়গা থেকে আরেক জায়গায় হনুমান যাচ্ছে। তার পিছু পিছু শিশু ও নারী-পুরুষকে ছুটতে দেখা যায়। গতকাল মঙ্গলবার বিকেলে দিনাজপুরের বিরামপুর উপজেলার সীমান্তবর্তী কাটলা বাজারে এমন পরিস্থিতি তৈরি হয়।

হঠাৎ করে বাজারে আসা বড় আকৃতির মুখপোড়া হনুমান নিয়ে আলোচনা চলছে ক্রেতা-বিক্রেতা ও এলাকার সাধারণ মানুষের মধ্যে। কাটলা বাজারের ব্যবসায়ী ইবনে মুরাদ প্রথম আলোকে বলেন, মঙ্গলবার দুপুর থেকে হঠাৎ করে বাজারের বিভিন্ন দোকানের ছাদে ও গাছে মুখপোড়া হনুমানটি দেখা যায়। হনুমানটি কোথা থেকে এসেছে, তা কেউ বলতে পারছেন না। হনুমানটি কারও ক্ষতি করেনি। বাজারের মানুষ হনুমানটিকে ফলমূল খেতে দিচ্ছেন।

হনুমান দেখতে এসেছেন মুকুন্দপুর জামাদার পাড়ার বাসিন্দা সেলিম হোসেন (৩৫)। তিনি বলেন, বাজারে হনুমান আসার খবর পেয়ে দেখার জন্য ছুটে এসেছেন। এত দিন টিভিতে ও চিড়িয়াখানায় হনুমান দেখেছেন, আজ একেবারে চোখের সামনে হনুমান দেখতে পেয়ে খুশি তিনি।

এ বিষয়ে ২ নম্বর কাটলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ আলী মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘শুনেছি বাজারে একটি হনুমান এসেছে। যেহেতু এটি বন্য প্রাণী এবং এটি আমাদের প্রকৃতির সম্পদ। হনুমানটির যেন কেউ ক্ষতি না করে, সে জন্য গ্রাম পুলিশের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা হয়েছে।’

হিন্দুধর্মাবলম্বীদের মধ্যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হনুমান সম্মানীয় প্রাণী বলে জানান কাটলা ইউনিয়ন পূজা উদ্‌যাপন ব্যবস্থাপনা কমিটির সভাপতি সুধীর চন্দ্র রায়। তিনি প্রথম আলোকে বলেন, ‘সীতাকে রক্ষায় হনুমানের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আমাদের এলাকায় হনুমানটি এসেছে, নিশ্চয়ই আমাদের জন্য কোনো না কোনো মঙ্গলবার্তা নিয়ে এসেছে। তার যেন কেউ ক্ষতি না করে।’