
অভাবের সংসার। ভ্যানচালক বাবার উপার্জনে কোনোমতে চলে পাঁচ সদস্যের পরিবার। পড়াশোনা করলেও ১৪ বছরের সাকিব ইসলাম মাঝেমধ্যে বাবার ভ্যান চালায় সে। বাবাকে সহযোগিতা করতেই যাত্রী পরিবহনের কাজ করে সাকিব। স্কুল বন্ধ থাকায় সাকিব আজ বাবার ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বেরিয়েছিল। কিন্তু যাত্রীবেশে ভ্যানে ওঠা এক চোর কৌশলে তার ভ্যানটি নিয়ে পালিয়ে যায়।
আজ রোববার বেলা ১১টার দিকে নীলফামারীর সৈয়দপুর শহরের বিসিক এলাকায় ভ্যান চুরির ঘটনা ঘটে। সাকিবের বাড়ি রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের রামপুরা পাঠানপাড়া এলাকায়। সে ওই এলাকার রহমতুল্লার ছেলে। তিন ভাইয়ের মধ্যে বড় সাকিব স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ে।
কাঁদতে কাঁদতে সাকিব বলে, ‘সকালে তারাগঞ্জ হাট থেকে এক যাত্রীকে নিয়ে সৈয়দপুর বিসিকে আসি। সেখানে এসে রাস্তার পাশে আমাকে দাঁড় করিয়ে একটি ফ্যাক্টরির ভেতর থেকে মালামাল নিয়ে আসার কথা বলে ভ্যানটি নিয়ে যান ওই যাত্রী। পরে অনেকক্ষণ অপেক্ষার পর তিনি না আসায় আমার সন্দেহ হয়। পরে ভেতরে গিয়ে দেখি ভ্যানও নেই, যাত্রীও নেই। এখন আমি কী করব? কোথায় যাব?’ এই বলে কাঁদতে শুরু করে সে।
খবর পেয়ে সাকিবের বাবা রহমতুল্লা এসে সৈয়দপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি বলেন, স্থানীয় একটি বেসরকারি সংস্থা থেকে ৬০ হাজার টাকা ঋণ নিয়ে তিনি ভ্যানটি কেনেন। ৫০ হাজার টাকা এখনো পরিশোধ করতে হবে। ওই ভ্যানের আয় দিয়েই তাঁর সংসার চলত। এখন কোথায় টাকা পাবেন, কীভাবে সংসার চালাবেন, সেই দুশ্চিন্তায় আছেন তিনি।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। চোরকে শনাক্ত করে তাঁকে গ্রেপ্তার এবং ভ্যানটি উদ্ধারের চেষ্টা চলছে।