গাজীপুরের শ্রীপুরে সালদহ নদীতে মাছ ধরার পর বাড়ি ফেরার পথে পানিতে ডুবে মো. আজিজুল ইসলাম (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের জয়নাতলী গ্রামের সালদহ নদীতে এ ঘটনা ঘটে।
স্থানীয় জামির হোসেন বলেন, শুক্রবার দুপুর থেকে মা-ছেলে সালদহ নদীতে ঠেলা জাল দিয়ে মাছ ধরছিলেন। মা আনিছা বেগম মাছ রাখার পাত্র (খালই) নিয়ে ছেলের সঙ্গে ছিলেন। মাছ ধরা শেষে নদী পার হয়ে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
আজিজুলের মায়ের বরাত দিয়ে জামির হোসেন বলেন, আজিজুল জাল নিয়ে সাঁতরে নদীর মাঝখান পর্যন্ত চলে গিয়েছিলেন। ছেলে পার হওয়ার পাশাপাশি তিনি নিজেও নদী পার হচ্ছিলেন। কিন্তু হঠাৎ ছেলে পানিতে তলিয়ে যান। তিনি ভেবেছিলেন ছেলে হয়তো পানিতে ডুব দিয়েছেন। কিন্তু অনেকক্ষণ ধরে পানি থেকে ছেলে উঠছেন না বুঝতে পেরে তিনি চিৎকার করতে থাকেন।
মা আনিছা বেগমের চিৎকারে আশপাশের লোকজন এসে আজিজুলকে পানিতে খুঁজতে থাকেন। আধা ঘণ্টা চেষ্টার পর ঘটনাস্থলের কাছে তাঁর মরদেহ পাওয়া যায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর আলম বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।