লক্ষ্মীপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ২১৫ জনের বিরুদ্ধে মামলা

ইউনিয়ন আওয়ামী লীগের দুই পক্ষের নেতা–কর্মীরা সন্ধ্যায় চন্দ্রগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল করে। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়
ছবি: প্রথম আলো

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠনকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এতে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, প্যানেল চেয়ারম্যানসহ ২১৫ জনকে আসামি করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ প্যানেল চেয়ারম্যানসহ চারজনকে গ্রেপ্তার করেছে।

আজ বৃহস্পতিবার সকালে চন্দ্রগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মোহসিন বাদী হয়ে এ মামলা করেন। এতে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমানসহ ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২০০ জনকে আসামি করা হয়। পুলিশের ওপর হামলার অভিযোগে এ মামলা করা হয়। এরই মধ্যে চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সফিকুল ইসলাম, এম সজিব, আরাফাত হোসেন ও রিয়াদ হোসেনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

গতকাল বুধবার রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে কমিটি গঠনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সোলাইমান, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আমিনের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়। নুরুল আমিন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। ঘটনাস্থল থেকে ১১ জনকে আটক করে পুলিশ।

স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতা-কর্মীরা বলেন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি মেয়াদোত্তীর্ণ। সম্মেলন করার জন্য ৩ মার্চ ১৬ সদস্যের নতুন সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী ও সাধারণ সম্পাদক আবদুল ওহাব ওই কমিটির অনুমোদন দেন। কমিটিকে অবৈধ ঘোষণা দিয়ে রাতেই সভাপতি গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ সোলায়মানের আওয়ামী লীগের একাংশ বিক্ষোভ মিছিল করে।

এদিকে নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের আরেক অংশ গতকাল বুধবার বিকেলে চন্দ্রগঞ্জ বাজারে আনন্দমিছিলের ডাক দেয়। একই সময় বিরোধীরা বিক্ষোভ মিছিল করবে বলে জানায়। এতে পুলিশের পরামর্শে সন্ধ্যার পর আনন্দমিছিল করার সিদ্ধান্ত হয়। বিকেলে চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ সোলায়মানের অনুসারীরা বিক্ষোভ মিছিল করেন। কিন্তু রাতে আয়োজিত আনন্দমিছিলে সোলায়মানের অনুসারী ছাত্রলীগ নেতা মাসুদুর রহমানের নেতৃত্বে হামলা চালানো হয়। এতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ থামাতে পুলিশ লাঠিপেটা করে। এ সময় ইটপাটকেল ছুড়লে তিন পুলিশ সদস্য আহত হন। এতে আওয়ামী লীগের উভয় পক্ষের অন্তত ১৭ জন আহত হয়েছেন।

চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল আমিন বলেন, ‘আমরা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটিকে স্বাগত জানিয়েছি। আমাদের আনন্দমিছিলে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমানের নেতৃত্বে হামলা করা হয়। এতে আমাদের আট নেতা-কর্মী আহত হয়েছেন। তাঁরা পুলিশের ওপরও হামলা করে। কমিটি আওয়ামী লীগের, কিন্তু হামলা ও সংঘর্ষ ঘটনা ঘটিয়েছে ছাত্রলীগ। বিষয়টি দুঃখজনক।’

ঘটনার পর থেকে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পলাতক থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘নিয়ম মেনে সম্মেলন প্রস্তুতি কমিটি করা হয়নি। ওই কমিটির বিরুদ্ধে আমাদের নেতা-কর্মীরা বিক্ষোভ করতে গেলে নুরুল আমিনের লোকজন তাঁদের ওপর হামলা করেন।’

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তার ও কমিটি গঠনকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা করা হয়েছে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।