মহাদেবপুর উপজেলা সদরের তিন সড়কে জমে থাকে পানি

নালা দিয়ে নিষ্কাশিত না হওয়ায় সড়কে পানি জমে আছে। গতকাল মহাদেবপুরে বকচত্বর-মডেল স্কুল সড়কের উপজেলা গেটের সামনে
ছবি: প্রথম আলো

সামান্য বৃষ্টি হলেই নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের প্রধান তিন সড়কের বিভিন্ন স্থানে পানি জমে থাকছে। পানি নিষ্কাশনের জন্য রাস্তার দুই পাশে নালা না থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী।

সরেজমিন দেখা গেছে, বক চত্বর-মডেল স্কুল সড়কের বক চত্বর থেকে উপজেলা গেট পর্যন্ত ২০০ মিটার অংশ, হাসপাতাল-পোস্ট অফিস মোড় সড়কের পোস্ট অফিস মোড় থেকে থানা পাড়া পর্যন্ত ১০০ মিটার, শিবগঞ্জ-লিচুবাগান সড়কের শিবতলা মোড়ে পানি জমে রয়েছে। এ ছাড়া কাপড়পট্টি-সোনারপট্টি-মাছবাজারের পুরো অংশই খানাখন্দ। পুরো সড়কই কাদাপানিতে একাকার। জলাবদ্ধতা ও খানাখন্দের কারণে উপজেলা সদরের কয়েক হাজার বাসিন্দাকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, জলাবদ্ধতার কারণে সড়ক ও নালার পানি মিলেমিশে একাকার হয়ে যায়। বাজার ও আশপাশের আবাসিক এলাকার নালার দুর্গন্ধযুক্ত পানি, ময়লা-আবর্জনা পানিতে ভেসে এসে রাস্তায় জমা হয়। সড়কের দুর্গন্ধ ও ময়লা-আবর্জনাযুক্ত পানির মধ্য বাসিন্দাদের চলাচল করতে হয়।

উপজেলা সদর বাজারের মধ্য দিয়ে চলে গেছে নওগাঁ-নজিপুর আঞ্চলিক মহাসড়ক। এক বছর ধরে সড়কটি প্রশস্তকরণ ও সংস্কারকাজ চলছে। উন্নয়নকাজ চলার কারণে সড়কের পাশ দিয়ে যাওয়া নালার অনেক অংশে খোঁড়াখুঁড়ি হয়েছে। মহাদেবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাকিল আহমেদ বলেন, ওই নালা দিয়ে পানি চলাচলের পথ অনেক জায়গায় বন্ধ হয়ে আছে। আর এই নালার সঙ্গে উপজেলা সদরের প্রায় সব নালার সংযোগ রয়েছে। এই নালা দিয়েই উপজেলা সদর বাজার ও বিভিন্ন আবাসিক এলাকার পানি খালে গিয়ে পড়ে। উপজেলা সদরের প্রধান নালাটি দিয়ে পানি প্রবাহ ব্যাহত হওয়ার কারণেই জলাবদ্ধতা হচ্ছে। উপজেলা উন্নয়ন সমন্বয় সভায় কয়েকবার বাজার মধ্যকার সড়কের উন্নয়নকাজ দ্রুত সম্পন্ন করার জন্য তাগিদ দিয়েছেন তিনি।

উপজেলা সদরের লিচুবাগান এলাকার বাসিন্দা আহসান হাবীব বলেন, উপজেলা সদরের সবচেয়ে ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ সড়ক বক চত্বর-মডেল স্কুল সড়ক। এ পথ দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ চলাচল করে। পাশের উপজেলা নিয়ামতপুর–নওগাঁ শহরে আসা-যাওয়ার জন্য এ পথ ব্যবহার করে বিপুলসংখ্যক মানুষ। গুরুত্বপূর্ণ এ সড়কে বক চত্বর থেকে উপজেলা পরিষদের প্রধান গেট পর্যন্ত বর্ষাকালে এক থেকে দেড় ফুট পানিতে ডুবে থাকে। হেঁটে চলাচলের কোনো উপায় থাকে না পথচারীদের।

উপজেলা সদরের মাছ চত্বর থেকে পোস্ট অফিস মোড় সড়কের দুই পাশে বাজারের সব ব্যবসাপ্রতিষ্ঠান। এই সড়কের পাঁচ-ছয় বছর ধরে কোনো সংস্কারকাজ হয়নি। মেসার্স সাবিহা গার্মেন্টসের স্বত্বাধিকারী সোহেল আহমেদ বলেন, এই সড়কের বিভিন্ন অংশে খানাখন্দ সৃষ্টি হয়েছে। একটু বৃষ্টি হলেই এসব খানাখন্দে পানি জমে যায়। কাদাপানিতে পুরো বাজার এলাকা একাকার হয়ে যায়। ইউএনও, সংসদ সদস্য ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে বারবার আবেদন করেও কোনো ফল হচ্ছে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসান বলেন, উপজেলা সদরের বক চত্বর মোড় থেকে মডেল স্কুল সড়কের উপজেলা গেটের সামনের অংশে জলাবদ্ধতার সমস্যা দীর্ঘদিনের। এ ছাড়া উপজেলা সদরের প্রধান সড়কে উন্নয়নকাজ চলার কারণে এবার বর্ষায় নতুন করে বাজারের বিভিন্ন এলাকায় ও কিছু আবাসিক এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এসব জলাবদ্ধতা নিরসনে উপজেলা সমন্বয় সভায় আলোচনা হয়েছে। মানুষের দুর্ভোগ কমাতে চলতি অর্থবছরে উপজেলা সদর এলাকায় নালা নির্মাণকাজের ওপর বেশি গুরুত্ব দেওয়া হবে।