টাকা পরিশোধ না করেই ২১ কেজি মাংস নিয়ে চম্পট

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় দোকান থেকে ২১ কেজি মাংস নিয়ে টাকা পরিশোধ না করেই চলে গেছেন এক ব্যক্তি। আজ শনিবার সকালে উপজেলার গালিমপুর মোড়ের মাংস বিক্রেতা এনামুল হকের দোকানে এ ঘটনা ঘটে।

দোকানমালিক এনামুল হক বলেন, ঈদ উপলক্ষে দোকানে মাংস বিক্রির ভিড় ছিল। এক ব্যক্তি তাঁর দোকান থেকে ২০ কেজি গরুর মাংস ও এক কেজি কলিজা নেন। দাম চাইলে তিনি বলেন, সেনানিবাসের একজন পদস্থ কর্মকর্তা তাঁকে মাংস কিনতে পাঠিয়েছেন। ভ্যানে করে মাংস পৌঁছে দিলে তিনি (ওই কর্মকর্তা) ভ্যানচালককে মাংসের টাকা দিয়ে দেবেন। সরল বিশ্বাসে তিনি (এনামুল) ভ্যানচালক এবং ওই ব্যক্তির কাছে মোট ২১ কেজি মাংস পাঠিয়ে দেন। সেনানিবাসের ফটকের কাছে ভ্যান পৌঁছালে ওই ব্যক্তি বলেন, ভ্যান তো সেনানিবাসের ভেতরে ঢোকানো যাবে না। একটি মোটরসাইকেল এসে মাংস নিয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে একজন মোটরসাইকেল আরোহী এলে ভ্যানচালক মাংস ওই মোটরসাইকেলে তুলে দেন। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিও মোটরসাইকেলে চড়ে দ্রুত চলে যান। ভ্যানচালক ভ্যানের ভাড়া ও মাংসের দামের জন্য চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। ততক্ষণে ওই ব্যক্তি ও মোটরসাইকেল আরোহী নিরুদ্দেশ হয়ে যান।

বিষয়টি স্থানীয় দয়রামপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি আনসার আলী মণ্ডলকে জানানো হয়। আনসার আলী বলেন, তিনি ঘটনাটি জানার পর বাজার কমিটির সভা আহ্বান করেছেন। ওই প্রতারককে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আযম খান বলেন, মাংস নিয়ে চম্পট দেওয়ার ঘটনাটি তিনি শুনেছেন। পলাতক প্রতারককে ধরতে পুলিশ কাজ করছে।