
ফরিদপুরে বিরোধের জেরে তিন ভাইকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। ধারালো অস্ত্রের আঘাতে তাঁদের মধ্যে একজনের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ রোববার সকাল ১০টার দিকে ফরিদপুর পৌরসভার ভাজনডাঙ্গা গুচ্ছগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
আহত তিন ভাই হলেন ভাজনডাঙ্গা গুচ্ছগ্রাম এলাকার বাসিন্দা তারা ফকিরের ছেলে মোহসিন ফকির (৪৫), মজনু ফকির (৩৫) ও বজলু ফকির (৩২)। তাঁদের মধ্যে মোহসিন ফকিরের বাঁ হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। তাঁর ডান হাঁটুতেও কোপের জখম রয়েছে। এ ছাড়া মজনু ফকিরের মাথা ও মুখে এবং বজলু ফকিরের হাতে ও কাঁধে জখম রয়েছে।
আহত তিন ভাইকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মোহসিন ফকিরকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে পাঠিয়েছেন। এ ছাড়া মজনুকেও ঢাকায় পাঠানো হয়েছে।
ঘটনাস্থল ফরিদপুরের ২৫ নম্বর ওয়ার্ডে পড়েছে। ওই ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ আলাউল হোসেন প্রথম আলোকে বলেন, গুচ্ছগ্রামের মোহসিন ফকির ও তাঁর ভাইদের সঙ্গে তাঁদের খালাতো ভাই মিজান মল্লিক ও আবুল মল্লিকের ১০ বছর ধরে সীমানা নিয়ে বিরোধ চলছে। এটা নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিকবার সালিস বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। আজ ঝগড়ার একপর্যায়ে ওই তিন ভাইকে কুপিয়ে জখম করা হয়।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এ ঘটনায় অভিযুক্ত তিন নারীকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে বাড়ির সীমানার একটি গাছের শজনে পাড়া নিয়ে ঝগড়ার সূত্রপাত। একপর্যায়ে মিজান মল্লিক ও আবুল মল্লিক, তাঁদের বাবা ইসমাইল মল্লিকসহ পরিবারের সদস্যরা ধারালো অস্ত্র নিয়ে ওই তিন ভাইকে কুপিয়ে জখম করেন। প্রতিবেশীরা এগিয়ে এলে তাঁরা পালিয়ে যান। পরে গুরুতর আহত অবস্থা তিন ভাইকে হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক অধ্যাপক রতন সাহা প্রথম আলোকে বলেন, আহত ব্যক্তিদের হাসপাতাল পরিচালিত ট্রমা সেন্টারে চিকিৎসা দেওয়া হয়। মোহসিনের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ও মজনু ফকিরকে ঢাকায় পাঠানো হয়েছে।