দুর্ঘটনায় এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার প্রতিবাদে এবং ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে তামিরুল মিল্লাত মাদ্রাসার শিক্ষার্থীদের বিক্ষোভ। আজ রোববার গাজীপুরের টঙ্গীর তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার সামনের সড়কে
দুর্ঘটনায় এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার প্রতিবাদে এবং ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে তামিরুল মিল্লাত মাদ্রাসার শিক্ষার্থীদের বিক্ষোভ। আজ রোববার গাজীপুরের টঙ্গীর তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার সামনের সড়কে

টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

গাজীপুরের টঙ্গীর গাজীপুরা এলাকায় তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। আজ রোববার সকাল থেকে মাদ্রাসার প্রধান ফটকের সামনে ও গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে তাঁরা এ কর্মসূচি পালন করছেন।

দুপুর ১২টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীদের অবস্থান ও অবরোধ চলছিল। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়ে দুই পাশে যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের যাত্রী ও চালকেরা।

শিক্ষার্থীদের ভাষ্য, শনিবার সন্ধ্যায় তাঁদের মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াসিন আলী (১৭) গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত হয়। এ ঘটনার পর থেকে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়।

নিহত ইয়াসিন আলী পাবনার সুজানগর থানার নেয়াপাড়া এলাকার রিপন মিয়ার ছেলে। সে পরিবারের সঙ্গে টঙ্গীর গাজীপুরা কাজীপাড়া এলাকায় ভাড়া থাকত।

দুর্ঘটনায় এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ। আজ রোববার গাজীপুরের টঙ্গীর তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার সামনের সড়কে

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে ইয়াসিন গাজীপুরা বাসস্ট্যান্ডসংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে সে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। মাথায় গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণ হলে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যানটি জব্দ করে টঙ্গী পূর্ব থানায় নিয়ে যায়। পালিয়ে যাওয়া চালককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

শিক্ষার্থীদের দাবি, গাজীপুরা এলাকায় দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণে স্পিডব্রেকার বা কার্যকর গতিরোধক নির্মাণ করতে হবে। একই সঙ্গে শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিরাপদ পারাপারের জন্য ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ নিতে হবে।

ইয়াসিনের মৃত্যুর প্রতিবাদে রোববার সকাল থেকে মাদ্রাসার শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নেন। তাঁদের অভিযোগ, গাজীপুরা বাসস্ট্যান্ড ও তামীরুল মিল্লাত মাদ্রাসার সামনের অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যস্ত সড়ক হলেও এখানে নিরাপদে পারাপারের পর্যাপ্ত ব্যবস্থা নেই। দ্রুতগতিতে যানবাহন চলাচলের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।

শিক্ষার্থীদের দাবি, গাজীপুরা এলাকায় দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণে স্পিডব্রেকার বা কার্যকর গতিরোধক নির্মাণ করতে হবে। একই সঙ্গে শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিরাপদ পারাপারের জন্য ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ নিতে হবে। পাশাপাশি সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে।