‘মন মানে না বৃষ্টি হলো এত/ সমস্ত রাত ডুবো-নদীর পারে/ আমি তোমার স্বপ্নে-পাওয়া আঙুল/ স্পর্শ করি জলের অধিকারে...’ (নবধারাজলে)। এ রকম কিছুই হয়তো নয়, তবু কবি উৎপলকুমার বসুর এই কবিতার পঙ্ক্তিগুলোর বৃষ্টি–জল দীর্ঘ খরাপীড়িত মানুষের কাছে এখন এক তীব্র প্রত্যাশার নাম। এই কদিন থেকে মানুষ, প্রাণী, বৃক্ষ কিংবা মাটির শরীর বৃষ্টি আর জলের এমন অধিকার পেতে কাতর হয়ে আছে।
অগ্নিস্নানে ভাজা বাতাস। চামড়ায় ফোসকা পড়ার অবস্থা। ঝরে পড়ার দিন শেষে যেটুকু আনন্দ নিয়ে পাতারা ফুটেছে গাছে, তাদেরও এখন বৃষ্টির তৃষ্ণা। মানুষ, প্রাণী কেউই স্বস্তিতে নেই। মনের ভেতর মেঘ, বৃষ্টি-জল হাহাকারের মতো হু হু করে বইছে। অনেকেরই আকাশের দিকে চোখ, মেঘ দেখলেই মন বলছে, এই বুঝি বৃষ্টি নামল। তখন একপশলা বৃষ্টিতেও রাশি রাশি আনন্দ, স্বস্তি ও তৃপ্তি হয়ে মনকে ভিজিয়ে দেয়। ভিজিয়ে যায় বাড়ির উঠান, গাছ ও হাওয়ার শরীরকেও।
মঙ্গলবার রাত ১১টা পেরিয়ে গেছে। মৌলভীবাজার শহরের একটি রেস্তোরাঁয় বসে আড্ডা দিতে গিয়ে গরমে রীতিমতো হাঁসফাঁস করছিলেন প্রবীণ সাংস্কৃতিক সংগঠক শৈলেন রায়, হাওর রক্ষা সংগ্রাম কমিটি মৌলভীবাজার সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রাজন আহমদসহ অন্যরা। মাথার ওপর বৈদ্যুতিক পাখা ঠিকই ঘুরছে, কিন্তু গায়ে বাতাস লাগছে না। আড্ডায় অন্য সব কথা ছাপিয়ে সংগত কারণে গরমই ঘুরেফিরে আসছে। চারদিকে ক্লান্ত, শ্রান্ত মানুষ। একে তো অসহনীয় গরম, মনমেজাজে সেই তাপ, সেই ক্লান্তি। এর মধ্যে লোডশেডিং গরমের যন্ত্রণাকে আরও দু–এক কাঠি ওপরের মাত্রায় নিয়ে রেখেছে। ঘর, বাহির কোথাও যেন স্বস্তির বার্তা নেই। আল মাহমুদের কবিতার মতো ‘কেন যে আসতে চাও/ এ যে বড় ভয়ানক দিন/ চালের লতানো ফুল মরে যাবে বৃষ্টির অভাবে।’
এ রকম একটা মুহূর্তে শৈলেন রায় আলাপের ভেতর কথা প্রসঙ্গে জানালেন, রাতেই বৃষ্টি হতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির কিছু সম্ভাবনার কথা থাকলেও নিশ্চিত হতে পারছিলেন না কেউই। তাঁর কথাটা যেন একটুকরো আশ্বাসের মতো বেজে ওঠে। আকাশে মেঘের ঘনঘটা নেই, বিদ্যুচ্চমক নেই। হাওয়ায় শীতল ছোঁয়া নেই। এ রকম পরিবেশে বৃষ্টির এমন আভাস। যদিও কবি জয় গোস্বামীর মতো সবারই মনে কাতর-আকাঙ্ক্ষা, বৃষ্টি যেন তার বন্ধুকে মনে রাখে। এতটা বিরহ যেন কেউই আর মন থেকে মানতে চাইছেন না। কিন্তু চাইলেই তো আর সবকিছু হুবহু চাওয়ার মতো হয়ে যায় না। হুট করে বৃষ্টিও আসে না। তাই দ্বিধাটাও সঙ্গে আছে সবার।
কবি জয় গোস্বামীর মতো সবারই মনে কাতর-আকাঙ্ক্ষা, বৃষ্টি যেন তার বন্ধুকে মনে রাখে। এতটা বিরহ যেন কেউই আর মন থেকে মানতে চাইছেন না। কিন্তু চাইলেই তো আর সবকিছু হুবহু চাওয়ার মতো হয়ে যায় না। হুট করে বৃষ্টিও আসে না। তাই দ্বিধাটাও সঙ্গে আছে সবার।
মৌলভীবাজারে এই কদিন থেকে তাপমাত্রা ওঠানামা করছে ৩৬ থেকে ৩৮ ডিগ্রির ওপরে। শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তাপমাত্রার রেকর্ড অনুযায়ী মঙ্গলবার ছিল ৩৬ দশমিক ৪ ডিগ্রি, সোমবার ছিল ৩৭ ডিগ্রি এবং রোববার (১৬ এপ্রিল) ছিল ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজ বুধবারও তাপমাত্রা তার ধারেকাছেই আছে।
তবে শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক মুজিবুর রহমান প্রথম আলোকে জানিয়েছেন, শ্রীমঙ্গলসহ বৃহত্তর সিলেট অঞ্চলে আজ বজ্রবৃষ্টির সম্ভাবনা আছে।
এদিকে প্রকৃতির ১২ মাসের চেনা পঞ্জি বলে, বৈশাখের এমন দিনে তো ‘খরবায়ু বয় বেগে/ চারি দিক ছায় মেঘে/ ওগো নেয়ে, নাওখানি বাইয়ো’—এমন পরিস্থিতিই বাংলার জলবায়ুতে পরিচিত। আকাশে ঘোর করে মেঘ জমবে, ছাইকালো মেঘ উড়বে। চারপাশ কাঁপিয়ে, তছনছ করে ঝড় আসবে। মাঠঘাট, খাল-বিল থই থই জলে ভরে উঠবে। গাছপালার সবুজ আরও উজ্জ্বল, আরও চকচক করে নাচবে। হাওরের কৃষকের কাছে ভয় ও আতঙ্ক হবে—এই বুঝি পানিতে তলিয়ে গেল বোরো ফসল। পাকা ফসল ঘরে তুলতে রোদ-গরমের তোয়াক্কা করার ফুরসত থাকবে না কারোরই। এবার এসবের বদলে খরাটিই টানা চোখ রাঙিয়ে আছে। প্রকৃতিটা কি তবে খুব অচেনা হয়ে গেল! গাছ কমে এলে, পাহাড় কেটে সমতল করলে, জলাভূমি ভরাট করে ফেললে। কাউকে হেলাফেলা করলে কি তবে এ রকমই হয়, এ রকমই হচ্ছে এখন! প্রকৃতি নিজের মতো বদলে নিচ্ছে নিজেকে।
তবে মাঝেমধ্যে প্রকৃতিরও মন গলে। গতকাল মঙ্গলবার মাঝরাতে প্রকৃতি তাই কিছুটা নরম হয়েছিল। টানা খরার গরম থেকে হয়তো মানুষ, বন্য প্রাণী, গাছপালাকে কিছুটা হলেও স্বস্তি দিতে আকাশ মেঘলা হয়েছিল। অনেকটা শীতল হাওয়া উঠেছে। বিদ্যুৎ চলে গেলে খোলা দরজা-জানালা দিয়ে ঘরেও এসেছে এই নরম বাতাস। তার সঙ্গে রাত একটার দিকে এক পশলা বৃষ্টি ভিজিয়ে গেছে মৌলভীবাজারের গাছপালাকে, শুষ্ক মাটিকে। সে অল্পই বৃষ্টি, হয়তো সবখানে মাটিও ভেজেনি। কিন্তু প্রত্যাশার সামান্য প্রাপ্তিও কখনো তৃষ্ণাকে অনেক তৃপ্তি দিতে পারে। গতকাল রাতের এই বৃষ্টি ছিল সে রকমই। মৌলভীবাজারে বৈশাখেরও প্রথম বৃষ্টি। তবে এই বৃষ্টির পথ ধরেই কোমল হাওয়া এসেছে বাড়তি পাওয়া হিসেবে, এ হাওয়ায় গা জুড়িয়েছে অনেকেরই।
সাংস্কৃতিক সংগঠক শৈলেন রায় আজ প্রথম আলোকে বলেন, ‘আমার এই বয়সে (৭০ বছর) গরম অনেক পড়েছে। কিন্তু এ রকম টানা অসহনীয় গরম কবে হয়েছে, মনে করতে পারি না। গরমের ভয়ে দিনে বাসা থেকেই বের হই না। এর মধ্যে আছে লোডশেডিং। কাল (মঙ্গলবার) রাতে বৃষ্টির আগেই বিদ্যুৎ চলে যায়। তবে বাতাস ছিল। জানালা খুলে বসে ছিলাম।’ তিনি বলেন, ‘গত রাতের বৃষ্টিতে মাটি ভিজেছে কি না, সন্দেহ। খুবই সামান্য বৃষ্টি। তবু এই বৃষ্টি ও ঠান্ডা বাতাসে কিছুটা হলেও স্বস্তি মিলেছে। গরম অনেকটা কমেছে।’
হাওর রক্ষা সংগ্রাম কমিটি মৌলভীবাজার সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রাজন আহমদ আজ প্রথম আলোকে বলেন, গরমে অতিষ্ঠ মানুষ। এর মধ্যে তেমন বেশি নয়, হালকা একপশলা বৃষ্টি ও বাতাস দিয়েছে। তাতেই অনেকটা স্বস্তি পেয়েছে মানুষ।