
মৃত শাহেদা বেগমের কাছে টাকা পান দাবি করে স্বজনদের কাছে তা চাইতে গিয়েছিলেন রাছেনা বেগম (৩৫)। শাহেদার পরিবারের লোকজন বিষয়টি জানেন না উল্লেখ করে টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। এতে ক্ষুব্ধ হয়ে রাছেনা ও তাঁর স্বামী জোনায়েদ আহম্মেদ কবর খুঁড়ে শাহেদা বেগমের লাশ তোলার চেষ্টা করেন।
খবর পেয়ে গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর পুলিশ গিয়ে রাছেনা বেগমকে গ্রেপ্তার করে। সোমবার সকালে রংপুরের তারাগঞ্জ উপজেলার কিশামত মেনানগর গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার রাছেনা বেগমকে আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়েছে।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান প্রথম আলোকে বলেন, কবরস্থানে প্রবেশ করে পবিত্রতা ক্ষুণ্ন ও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে রাছেনা বেগম ও তাঁর স্বামী জোনায়েদ আহম্মেদের বিরুদ্ধে সোমবার রাতে থানায় মামলা করা হয়েছে। বাদী হয়েছেন মৃত শাহেদার স্বামী আবদুল গফুর।
রাছেনা বেগম তারাগঞ্জ থানাহাজতে থাকার সময় সোমবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘মাস ছয়েক আগে শাহেদা বেগম আমার কাছে ১ লাখ ২০ হাজার টাকা নিয়েছিলেন। এখন আমার টাকার দরকার, সে জন্য তাঁর স্বামী ও সন্তানের কাছে টাকাটা চাইতে গিয়েছিলাম। কিন্তু তাঁরা টাকা না দিয়ে কবর খুঁড়ে শাহেদার কাছে টাকা নিতে বলেন। এতে ক্ষুব্ধ হয়ে কবর খুঁড়তে গিয়েছিলাম। এটা আমাদের ভুল হয়েছে।’
শাহেদা বেগমের মেয়ে সাবিনা বেগম অভিযোগ করে বলেন, ‘আমার মৃত মায়ের কাছে রাছেনা ও তাঁর স্বামী টাকা পাবেন, এমন দাবি নিয়ে এলেও তাঁরা কোনো প্রমাণ দেখাতে পারেননি। তা ছাড়া আমার মা টাকা নিয়েছেন, এমন কোনো তথ্য আমরা জানি না। এরপরও টাকা দাবি করে না পেয়ে কবর খুঁড়ে আমার মায়ের লাশ তোলার চেষ্টা করেন তাঁরা।’
মামলায় উল্লেখ করা হয়েছে, শাহেদা বেগম ৭ জুন মারা যান। ওই দিনই স্থানীয় খিয়ারডাঙ্গা কবরস্থানে দাফন করা হয় তাঁকে। এরপর ১২ জুন সকাল ৮টার দিকে একই গ্রামের জোনায়েদ আহম্মেদ ও তাঁর স্ত্রী রাছেনা বেগম এসে দাবি করেন, শাহেদার কাছে ১ লাখ ২০ হাজার টাকা পান তাঁরা। শাহেদার স্বামী ও সন্তানকে ওই টাকা দিতে বলেন। তাঁরা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে রাছেনা ও তাঁর স্বামী অকথ্য ভাষায় গালাগাল করে ক্ষিপ্ত হয়ে বলেন, ‘কবর খুঁড়ে শাহেদার কাছ থেকে আমরা টাকা আদায় করব।’
এরপর ওই দিন সকাল ৯টার দিকে রাছেনা ও তাঁর স্বামী জোনায়েদ আহম্মেদ খিয়ারডাঙ্গা কবরস্থানে গিয়ে কবর খুঁড়ে মৃত শাহেদার লাশ তোলার চেষ্টা করেন। এ সময় তাঁরা কবরের একাংশ খুঁড়ে পলিথিন বের করে ফেলেন।
একপর্যায়ে গ্রামের রেহেনা বেগম ও আবদুল আজিজ নামের দুই ব্যক্তি ঘটনা দেখে চিৎকার করলে আশপাশের অনেকে ছুটে আসেন। অবস্থা বেগতিক বুঝে ওই দম্পতি কৌশলে পালিয়ে যান। খবর পেয়ে গ্রামের লোকজন কবরস্থানে ছুটে আসেন।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান প্রথম আলোকে বলেন, খবর পাওয়ামাত্র কবরস্থানে পুলিশ পাঠানো হয়। দুপুরের দিকে অভিযান চালিয়ে রাছেনা বেগমকে তাঁর বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ সময় তাঁর স্বামী জোনায়েদ আহম্মেদ পালিয়ে যান। পরে রাতেই মামলা করে রাছেনা বেগমকে গ্রেপ্তার দেখানো হয়। তাঁকে মঙ্গলবার আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়েছে। মামলার অপর আসামি জোনায়েদ আহম্মেদকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।