নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপির এক নেতা ও যুবদলের দুই নেতাকে পৃথকভাবে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এ ছাড়া যুবদলের এক নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গতকাল বুধবার বিকেলে কলমাকান্দা উপজেলা যুবদলের সদস্যসচিব সোলায়মান হক স্বাক্ষরিত দুটি ও যুগ্ম আহ্বায়ক মো. কালন ভূঁইয়া স্বাক্ষরিত একটি নোটিশ জারি করা হয়। এ ছাড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত আরেকটি নোটিশ দেওয়া হয়।
নোটিশে কলমাকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর রহমান, উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান ও কলমাকান্দা সদর ইউনিয়ন যুবদলের সদস্যসচিব শাহজাহান কবিরকে সাত দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না দিলে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
আরেকটি নোটিশে দলীয় শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হারুন মণ্ডলকে তাঁর দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।