রাজশাহী বিশ্ববিদ্যালয়

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও সাংবাদিক শামসুজ্জামানের মুক্তির দাবি

সাংবাদিক শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তি ও সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে করা মামলার প্রতিবাদে মানববন্ধন। আজ বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে
ছবি: প্রথম আলো

প্রথম আলোর ঢাকার সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত তিনটি সাংবাদিক সংগঠন। আজ বৃহস্পতিবার বেলা একটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে করা মামলারও প্রতিবাদ জানান বক্তারা।

সঞ্চালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) সাধারণ সম্পাদক আবদুস সবুর লোটাস। বক্তব্য দেন রাবিসাসের সভাপতি তৌসিফ কাইয়ুম, রাবি রিপোটার্স ইউনিটির সভাপতি শাহিনুর ইসলাম, রাবি প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক শাহজালাল ইসলাম প্রমুখ। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ে কর্মরত অর্ধশতাধিক সাংবাদিক এবং এতে সংহতি জানিয়ে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

তৌসিফ কাইয়ুম বলেন, প্রথম আলো, ডেইলি স্টার যারা স্বাধীন সাংবাদিকতা করার চেষ্টা করে, তাদের কলমকে আটকে রাখার জন্যই এমন মামলা। এই নগ্ন হস্তক্ষেপের নিন্দা জানিয়ে তিনি প্রশ্ন তোলেন, স্বাধীন দেশে মামলা ছাড়া কাউকে তুলে নেওয়া যায় কি না।

আসিফ আহমেদ বলেন, ‘একটি স্বাধীন দেশে মধ্যরাতে একটি মানুষকে তুলে নেওয়া হচ্ছে। কেউ বলতেই পারছে না তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। ২০ ঘণ্টা পর তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। দেশের চতুর্থ স্তম্ভ বলা হয় গণমাধ্যমকে, সেই স্তম্ভ আজ ভেঙে দেওয়া হচ্ছে। আমাদের কোনো কিছু বলতেই দেওয়া হয় না। স্বাধীন গণমাধ্যম সূচকে বাংলাদেশ সব সময় ১৬০–এর ওপরেই থাকে। আমাদের স্বাধীন সাংবাদিকতার এই অবস্থা। আমাদের বলতেই দেওয়া হয় না কোনো কিছু। যতটুকুই বলার সুযোগ দেওয়া হয়, তখনই “পুরস্কার” হিসেবে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে মধ্যরাতে তুলে নেওয়া হয়।’

কামরুল হাসান বলেন, ‘আজকে নিজেদের ইজ্জত ও পিঠ বাঁচানোর জন্য এখানে দাঁড়িয়েছি। আজকে বিরোধী দল, সরকারি দল, জনগণ—সবার চেয়ে মজলুম বা নির্যাতিত সংবাদকর্মীরা। সরকার বিরোধী দল যেভাবে দমন করে, তার চেয়ে বেশি সংবাদকর্মীদের দমন করছে। শুধু ভাত, ডালের অভাব নয়; আজকে বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার ও ভোট দেওয়ার অধিকারও নেই।’