প্রিমিয়ার ইউনিভার্সিটি আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন
প্রিমিয়ার ইউনিভার্সিটি আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন

শিক্ষার মান উন্নয়ন ছাড়া দুর্নীতিমুক্ত দেশ গড়া অসম্ভব: চট্টগ্রাম সিটি মেয়র

‘অ্যাক্রিডিটেশন একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। তবে এই স্বীকৃতি ধরে রাখতে শিক্ষার গুণগত মান বজায় রাখা জরুরি। শিক্ষার মান উন্নয়ন ছাড়া দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ দেশ গড়া সম্ভব নয়।’

গতকাল শনিবার বিকেলে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন। চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের মোহনা হলরুমে এ অনুষ্ঠান হয়। বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল থেকে পাঁচটি স্নাতক পর্যায়ের একাডেমিক প্রোগ্রামের অ্যাক্রিডিটেশন সনদ পাওয়া উপলক্ষে এর আয়োজন করেছিল প্রিমিয়ার ইউনিভার্সিটি। আয়োজনের শিরোনাম ছিল ‘অ্যাক্রিডিটেশন ফেস্ট’।

মেয়র শাহাদাত হোসেন প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন। এ ছাড়া বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদ এ অনুষ্ঠানে অতিথি ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস এম নছরুল কদির। এতে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক জাহেদ হোছাইন সিকদার। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির এ অনুষ্ঠানের সঞ্চালনা করেন

অনুষ্ঠানে অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদ বলেন, ‘কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠক্রম, গবেষণা কার্যক্রম ও অবকাঠামোগত সক্ষমতা নির্দিষ্ট মানদণ্ডে সন্তোষজনক হলে তাকে অ্যাক্রিডিটেশন দেওয়া হয়। প্রিমিয়ার ইউনিভার্সিটির সংশ্লিষ্ট প্রোগ্রামগুলো মূল্যায়নের পর এই স্বীকৃতি দেওয়া হয়েছে।’

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে অ্যাক্রিডিটেশন গুরুত্বপূর্ণ। আমরা দুর্নীতিতে প্রচণ্ডভাবে এগিয়ে রয়েছি। আমাদের দেশে মূল্যবোধের অবক্ষয় দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর মানে আমাদের শিক্ষাব্যবস্থার মধ্যে বেশ সীমাবদ্ধতা রয়েছে। এই সীমাবদ্ধতা খুঁজে বের করে দূর করতে হবে।’

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক এস এম নছরুল কদির বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মান উন্নয়নে প্রিমিয়ার ইউনিভার্সিটি কাজ করে যাচ্ছে। পাঁচটি প্রোগ্রামের অ্যাক্রিডিটেশন বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল প্রিমিয়ার ইউনিভার্সিটির পাঁচটি স্নাতক প্রোগ্রামে অ্যাক্রিডিটেশন সনদ দিয়েছে। এগুলো হলো—ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ), বিএ (অনার্স) ইন ইংলিশ, ব্যাচেলর অব লজ (এলএলবি অনার্স), বিএসএস (অনার্স) ইন ইকোনমিকস ও বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং।

১২ মার্চ বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সনদগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। ওই সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকদের সঙ্গে নিয়ে সনদ গ্রহণ করেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্নাতক প্রোগ্রামকে একটি কনফিডেন্স সার্টিফিকেট দেওয়া হয়।

অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কলেজের অধ্যক্ষ, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।