কসবায় স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

পুলিশের হাতে গ্রেপ্তার নাঈম মিয়া
ছবি: প্রথম আলো

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গৃহবধূ মেঘলা আক্তার হত্যা মামলার প্রধান আসামি স্বামী নাঈম মিয়াকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কদম রসুলপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন নাঈম।

নাঈম মিয়া নোয়াখালী সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের এআর চৌকিদার বাড়ির সেলিমুল্লাহর ছেলে। পুলিশ জানায়, নাঈম মিয়া আজ ব্রাহ্মণবাড়িয়া জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলামের আদালতে জবানবন্দি দেন।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন বলেন, নাঈম মিয়াকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। তিনি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কসবা পৌর এলাকার কালিকাপুর গ্রামের আলমগীর মিয়া চট্টগ্রামে থাকতে দুই বছর আগে মেঘলার সঙ্গে নাঈমের পরিচয় হয়। এক বছর আগে তাঁদের বিয়ে হয়। বিয়ের প্রায় চার মাস পর নাঈম সৌদি আরবে চলে যান। এর পর থেকে কসবা পৌর এলাকার কালিকাপুরে গৃহহীনদের জন্য নির্মাণ করা আশ্রয়ণ প্রকল্পে বাবার বাড়িতে থাকতেন মেঘলা।

হত্যাকাণ্ডের তিন দিন আগে নাঈম সৌদি আরব থেকে তাঁদের বাড়িতে আসেন। গত সোমবার সকালে আলমগীর মিয়া মেঘলার ছোট দুই বোনকে নিয়ে স্কুলে যান। এ সময় মেঘলা ও তাঁর স্বামী বাড়িতে একা ছিলেন। তাঁদের মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে নাঈম ঘরে থাকা একটি ছুরি দিয়ে মেঘলাকে আঘাত করে পালিয়ে যান। পরে মেঘলা মারা যান।

এ ঘটনায় মেঘলার বাবা বাদী হয়ে স্বামী নাঈম মিয়াকে আসামি করে একটি হত্যা মামলা করেন। ওই মামলায় পুলিশ গতকাল রাতে চট্টগ্রাম থেকে নাঈমকে গ্রেপ্তার করে।