ফেনীতে গৃহবধূকে ঘরের মধ্যে পুড়িয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

গ্রেপ্তার
প্রতীকী ছবি

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় এক গৃহবধূকে ঘরের মধ্যে পুড়িয়ে হত্যার অভিযোগ করেছেন তাঁর স্বজনেরা। গতকাল রোববার বিকেলে এ ঘটনা ঘটে। তবে গৃহবধূর স্বামীর পরিবারের দাবি, অসুস্থ গৃহবধূ নিজেই ঘরের মধ্যে গায়ে আগুন দিয়ে দগ্ধ হয়ে মারা গেছেন।

নিহত গৃহবধূর নাম ঝর্না আক্তার (২২)। তিনি ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নিজকুঞ্জরা (আলোকদিয়া) বলিপাড়ার মোহাম্মদ রায়হানের (২৮) স্ত্রী।

এ ঘটনায় গৃহবধূর মা নূরজাহান বেগম বাদী হয়ে ঝর্নার স্বামী ও স্বামীর পরিবারের সদস্যদের আসামি করে গতকাল রাতে ছাগলনাইয়া থানায় মামলা করেন। পুলিশ গৃহবধূর স্বামী মোহাম্মদ রায়হানকে গ্রেপ্তার করেছে।

মামলার এজাহার, স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, ছাগলনাইয়ার বলিপাড়ার মোহাম্মদ রায়হানের সঙ্গে চার বছর আগে চট্টগ্রামের মিরসরাই উপজেলার পরাগলপুর গ্রামের মো. আজাদের মেয়ে ঝর্না বেগমের বিয়ে হয়। এই দম্পতির তিন বছরের এক মেয়েসন্তান আছে। এক বছরের বেশি সময় ধরে ঝর্না বেগম ক্যানসারসহ নানা রোগে আক্রান্ত। গতকাল বিকেলে বসতঘরের টিনের চালের ওপর ধোঁয়া দেখে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন নেভানোর পর ঘরের মধ্যে ঝর্নার দগ্ধ লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ রায় বলেন, গৃহবধূর দগ্ধ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় গৃহবধূর মায়ের করা মামলায় গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।