অনিয়মের অভিযোগে সড়কের কাজ বন্ধ করে দিল সওজ

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার থানার মোড় এলাকায় সড়ক মেরামতের কাজ করছেন শ্রমিকেরা। আজ শনিবার তোলা ছবি
সংগৃহীত

পিচঢালাইয়ের কাজে অনিয়মের অভিযোগে সড়ক মেরামতের কাজ বন্ধ করে দিয়েছে সওজ। আজ শনিবার সকালে এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে পটুয়াখালী-বিনাপানি-কচুয়া-বেতাগী-মির্জাগঞ্জ সড়কের মির্জাগঞ্জ অংশের থানা মোড় এলাকার কাজ বন্ধ করে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, পটুয়াখালী বিনাপানি-কচুয়া-বেতাগী-মির্জাগঞ্জ সড়কের মির্জাগঞ্জ থানা মোড় এলাকায় বিটুমিনের আস্তরণ (প্রাইমকোট) দেওয়া ছাড়াই পিচঢালাইয়ের কাজ করছিলেন ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকেরা। কাজের সময় দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তাকে কাজের তদারকিতে না পাওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মুঠোফোনে জানান এলাকাবাসী। ঘণ্টাখানেক পর সংশ্লিষ্ট কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত এক ব্যক্তি এসে কাজ বন্ধ করে দেন বলে জানান এলাকাবাসী। কাজ বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী।

এ বিষয়ে সওজের পটুয়াখালী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী এ এম আতিক উল্লাহ জানান, ‘পায়রাকুঞ্জ ফেরীঘাট থেকে মির্জাগঞ্জ থানা মোড় পর্যন্ত ৫৩২ মিটার দীর্ঘ ও ৫.৫ মিটার প্রস্থ সড়কের তিন অংশে মেরামতের কাজ পায় মেসার্স আবেদ মুনসুর কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এই কাজের ব্যয় ধরা হয়েছে প্রায় ৭৫ লাখ টাকা। সড়কে পিচঢালাইয়ের কাজ চলমান। প্রাইমকোট না করে কাজ করা হচ্ছে এলাকাবাসীর এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে উপসহকারী প্রকৌশলীকে পাঠিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। ওই সড়কে পুনরায় পিচঢালাইয়ের কাজ শুরু করা হবে।’

সওজের পটুয়াখালী কার্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মাসুদ খান বলেন, ‘সড়কে অনিয়মের কিছু ছবি আমার কাছে আসার পর নির্বাহী প্রকৌশলীকে কাজ বন্ধ করে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছি। নির্বাহী প্রকৌশলী সরেজমিন পরিদর্শন করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।’

স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, শুরু থেকেই নানা অনিয়মের মধ্য দিয়ে সড়কটির মেরামতের কাজ করে আসছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন। আজ অফিস ছুটি থাকার সুযোগে প্রাইমকোট না করেই তড়িঘড়ি করে কার্পেটিংয়ের কাজ চালিয়ে যাচ্ছিলেন ঠিকাদারের লোকজন। সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত অফিসের কোনো লোকজনও ছিল না। এলাকাবাসীর নজরে এলে কর্তৃপক্ষকে মুঠোফোনে জানালে দেড় ঘণ্টা পরে একজন লোক এসে কাজ বন্ধ করে দেন। ইতিমধ্যে সড়কে প্রায় ৩০০ ফুট কার্পেটিংয়ের কাজ শেষ হয়।’

এ বিষয়ে সওজের পটুয়াখালী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী এ এম আতিক উল্লাহর কাছে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘গত রাতে বৃষ্টির কারণে হয়তো প্রাইমকোট উঠে যেতে পারে। আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে। পরে রেক্টিফাই করে কার্পেটিংয়ের কাজ করা হবে। অফিস বন্ধের মধ্যে লোকজন কম থাকায় মনে হয় একজন উপসহকারী প্রকৌশলী কাজের কাছে ছিলেন। এসডি ছুটিতে রয়েছেন। তবে একজন ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট সাইটে থাকার কথা ছিল। বিষয়টি আমি খতিয়ে দেখছি।’

যথাযথভাবে সড়কের কাজ না করার অভিযোগের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আবেদ মুনসুর কনস্ট্রাকশনের পরিচালক আবেদ মুনসুরের মুঠোফোনে আজ শনিবার রাতে ফোন করা হলেও তিনি ধরেননি।