মানিকগঞ্জে কেঁচো সারে স্বাবলম্বী হচ্ছেন গ্রামের নারীরা

কেঁচো সার তৈরি করে জীবিকা নির্বাহ করছেন গ্রামের নারীরা। ২৮ মে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার গোলাই গ্রামে
ছবি: প্রথম আলো

নিজের কিংবা সংসারের সামান্য জিনিস কিনতে স্বামীর ওপর ভরসা করতে হতো মনোয়ারা বেগমের (৪৮)। দরিদ্র কৃষক স্বামীর হাতে টাকাপয়সা থাকত না সব সময়। তবে মনোয়ারাকে এখন আর স্বামীর কাছে টাকা চাইতে হয় না; নিজেই এখন উপার্জন করছেন। বাড়িতে কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) উৎপাদন করে স্বাবলম্বী হয়েছেন মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার গোলাই গ্রামের কৃষক ফারুক হোসেনের স্ত্রী মনোয়ারা বেগম।

শুধু মনোয়ারা বেগম নন, কেঁচো সার উৎপাদন ও বিক্রি করে সংসারের অভাব ঘুচিয়েছেন গোলাই গ্রামের বেশ কয়েকজন নারী। প্রায় ১০ বছর আগে সংগঠন তৈরির মাধ্যমে বাণিজ্যিকভাবে কেঁচো সারে এ গ্রামের নারীদের অনেকে এখন স্বাবলম্বী।

মনোয়ারা বেগম বলেন, ২০১৪ সালের মে মাসে নিজের বাড়িতে মাটির বড় পাত্রে (চাড়ি) এই জৈব সার তৈরি শুরু করেন। নিজেদের দুটি গরু রয়েছে। এ গরুর গোবর, টুকরো টুকরো করা কলাগাছ, কচুরিপানা ও ৫০০ গ্রাম কেঁচো দিয়ে সার তৈরি শুরু করেন। এতে তাঁর খরচ পড়ে মাত্র ৩০০ টাকা। তিনি আরও বলেন, ৪০ দিন পর প্রতিটি চাড়িতে ২ মণ করে কেঁচো সার তৈরি হয়। প্রতি কেজি কেঁচো সার বিক্রি হয় ১২ টাকায়। চারটি চাড়ি থেকে উৎপাদিত কেঁচো সার বিক্রি করে তিনি পেয়েছিলেন চার হাজার টাকার মতো।

প্রতি কেজি সার ১৫ থেকে ১৮ টাকায় বিক্রি করা যায়। কেঁচো সার উৎপাদনে নারীদের কেউ কেউ প্রতি মাসে চার–পাঁচ হাজার টাকা উপার্জন করছেন।

সম্প্রতি সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৩ সালের মাঝামাঝি সময়ের কোনো এক দুপুরে গোলাই গ্রামের সেলিনা খাতুনের (৫০) বাড়ির উঠানে বসে গল্প করছিলেন মনোয়ারাসহ কয়েকজন নারী। বাড়ির উঠানে ও বাড়ির পাশের জমিতে সবজিখেতে তাঁরা গোবর ব্যবহার করতেন। কেঁচো সার তৈরি ও ব্যবহার করলে সবজিও ভালো হবে। পাশাপাশি টাকা দিয়ে সার কিনতে হবে না। বিষয়টি মাথায় আসে সেলিনার। স্থানীয় বেসরকারি গবেষণামূলক সংস্থা বারসিকের এক কর্মীর সঙ্গে তাঁর পরিচয় ছিল। সংস্থাটি বিষমুক্ত সবজি ও ফসল উৎপাদনে কেঁচো সার উৎপাদন ও তা জমিতে ব্যবহার নিয়ে কৃষকদের সচেতন করে আসছিল। পরে সংস্থাটির সহায়তায় ওই গ্রামের ৪০ নারী ও ১৫ জন কৃষক মিলে কালিগঙ্গা কৃষক-কিষানি সংগঠন নামের একটি সংগঠন করেন। সংগঠনটির সভাপতি সেলিনা খাতুন ও সাধারণ সম্পাদক পদে মনোয়ারা বেগম মনোনীত হন। ওই বছরের শেষের দিকে সংস্থাটি থেকে কেঁচো সার তৈরিতে প্রশিক্ষক নেন সংগঠনের সদস্যরা।

সংগঠনটির সভাপতি সেলিনা খাতুন বলেন, প্রতি তিন মাস অন্তর কেঁচোর বংশ বৃদ্ধি হয়। এ কারণে নতুন করে কেঁচো কিনতে হয় না। বর্তমানে এ গ্রামের ২৪ জন নারী বাণিজ্যিকভাবে জৈব সার উৎপাদন করছেন। প্রতি কেজি সার ১৫ থেকে ১৮ টাকায় বিক্রি করা যায়। কেঁচো সার উৎপাদনে নারীদের কেউ কেউ প্রতি মাসে চার–পাঁচ হাজার টাকা উপার্জন করছেন। এসব নারীদের সংসারে সচ্ছলতা এসেছে।

সংগঠনের সদস্যরা জানান, উৎপাদিত কেঁচো সার বিভিন্ন নার্সারি, বাগান ও ছাদবাগানের উদ্যোক্তারা তাঁর কাছ থেকে পাইকারি ও খুচরা মূল্যে নিয়ে যাচ্ছেন। কৃষকদের কেউ কেউ এসব সার সবজি ও ধানখেতে ব্যবহারের জন্য নিয়ে থাকেন।
২৮ মে সরেজমিনে দেখা গেছে, কালিগঙ্গা নদীর তীর ঘেঁষে বৃক্ষরাজিতে আচ্ছাদিত গ্রাম গোলাই। এ গ্রামে বাড়ির উঠানে, বাড়ির পাশের বাঁশঝাড়, পরিত্যক্ত জায়গা ও রাস্তার পাশে কেঁচো সার উৎপাদন করা হচ্ছে।

গ্রামের মোকছেদ আলীর স্ত্রী নাজমা আক্তারও (৪০) বাড়িতে কেঁচো সার উৎপাদন ও বিক্রি করে আসছেন। নাজমা বলেন, তাঁদের দুই সন্তান স্কুলে পড়ছে। কেঁচো সার বিক্রির টাকায় ছেলেদের পড়ালেখা করাচ্ছেন। সংসার খরচের টাকার একটি অংশ সার বিক্রি থেকে আসছে।

বাড়িতে কেঁচো সার উৎপাদন করে স্বাবলম্বী হচ্ছেন গ্রামের নারীরা। ২৮ মে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার গোলাই গ্রামে

কৃষি কর্মসূচি প্রকল্পের মাধ্যমে নারী ও পুরুষদের কেঁচো সার উৎপাদন ও জমিতে ব্যবহারে কৃষকদের সচেতন করে আসছে বারসিক। সংস্থাটির উপজেলার কর্মসূচি কর্মকর্তা শাহীনুর রহমান বলেন, মাটির স্বাস্থ্য, নিরাপদ খাদ্য, পরিবেশসম্মত কৃষির চর্চা ও নারীর ক্ষমতায়নে কেঁচো সার উৎপাদন ও বিপণন এখন জনপ্রিয় হয়ে উঠছে।
সিঙ্গাইর উপজেলা কৃষি কর্মকর্তা টিপু সুলতান প্রথম আলোকে বলেন, কৃষকেরা বিভিন্ন ফসলে রাসায়নিক সার ব্যবহারের দিকে ঝুঁকে যাচ্ছেন। এতে শুধু মানুষের খাবারই বিষযুক্ত হচ্ছে না; জমির উর্বরতা শক্তি ও জৈবিক উপাদানও কমে যাচ্ছে। কেঁচো সার ব্যবহারের ফলে মাটির স্বাস্থ্য রক্ষা হয়, উর্বরতাও বাড়ে। এতে কৃষকেরা লাভবান হবেন। অন্যদিকে কেঁচো সার উৎপাদনে অনেকে স্বাবলম্বী হচ্ছেন।

কেঁচো সার প্রস্তুত করছেন এক নারী। ২৮ মে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার গোলাই গ্রামে

কৃষি কর্মসূচি প্রকল্পের মাধ্যমে নারী ও পুরুষদের কেঁচো সার উৎপাদন ও জমিতে ব্যবহারে কৃষকদের সচেতন করে আসছে বারসিক। সংস্থাটির উপজেলার কর্মসূচি কর্মকর্তা শাহীনুর রহমান বলেন, মাটির স্বাস্থ্য, নিরাপদ খাদ্য, পরিবেশসম্মত কৃষির চর্চা ও নারীর ক্ষমতায়নে কেঁচো সার উৎপাদন ও বিপণন এখন জনপ্রিয় হয়ে উঠছে।

সিঙ্গাইর উপজেলা কৃষি কর্মকর্তা টিপু সুলতান প্রথম আলোকে বলেন, কৃষকেরা বিভিন্ন ফসলে রাসায়নিক সার ব্যবহারের দিকে ঝুঁকে যাচ্ছেন। এতে শুধু মানুষের খাবারই বিষযুক্ত হচ্ছে না; জমির উর্বরতা শক্তি ও জৈবিক উপাদানও কমে যাচ্ছে। কেঁচো সার ব্যবহারের ফলে মাটির স্বাস্থ্য রক্ষা হয়, উর্বরতাও বাড়ে। এতে কৃষকেরা লাভবান হবেন। অন্যদিকে কেঁচো সার উৎপাদনে অনেকে স্বাবলম্বী হচ্ছেন।