প্রতিদিনের জন্য যানবাহনপ্রতি নেওয়া হচ্ছে ৫০ টাকা। যানবাহন থেকে টাকা নিয়ে রসিদও দেওয়া হচ্ছে।
জয়পুরহাটে শহরের বাইপাস সড়কে ট্রাক, ট্রাক্টর ও পিকআপ ভ্যান ও থামিয়ে চাঁদা আদায় করা হচ্ছে। প্রতিদিনের জন্য যানবাহনপ্রতি নেওয়া হচ্ছে ৫০ টাকা।
যানবাহন থেকে টাকা নিয়ে রসিদও দেওয়া হচ্ছে। এতে লেখা রয়েছে, ‘জয়পুরহাট পৌরসভা, জয়পুরহাট। পৌর কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল। টোল আদায়ের রসিদ। প্রতিটি প্রতিদিনের জন্য ৫০ টাকা।’
গত রোববার দুপুরে জয়পুরহাট চিনিকলের বাইপাস সড়কের কালীমন্দিরের সামনে দুই ব্যক্তিকে ট্রাক থামিয়ে টাকা আদায় করতে দেখা গেছে। সেখান থেকে ট্রাক ট্রার্মিনালের দূরত্ব প্রায় সাড়ে তিন কিলোমিটার।
রসিদ দিয়ে ট্রাক থেকে চাঁদা আদায়কারী দুই ব্যক্তি নিজেদের ভাদু বর্মণ ও আবদুল মোমিন বলে পরিচয় দেন। তাঁরা বলেন, তাঁদের একজনের বাড়ি শহরের সবুজ নগর মহল্লায়। আরেকজনের নিশির মোড়। তাঁদের দুজনকে জয়পুরহাট পৌর শহরের বিশ্বাসপাড়ার বাসিন্দা মুকুল রসিদ দিয়ে টাকা তুলতে বলেছেন। রসিদ দিয়ে প্রতিটি ট্রাক, পিকআপ ও ট্রাক্টর থেকে ৫০ টাকা করে আদায় করছেন। সেখান থেকে তাঁরা কমিশন পান। সকাল থেকে বেলা ১টা পর্যন্ত ১৫-২০টি টোল আদায়ের রসিদ কাটা হয়েছে।
ট্রাক টার্মিনাল থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে এসে কেন টাকা আদায় করছেন—এমন প্রশ্নে আবদুল মোমিন বলেন, সব ট্রাক বাইপাস সড়ক দিয়ে চলে যায়। এ কারণে বাইপাস সড়কে এসে টাকা আদায় করা হয়। তাঁরা মুকুল নামের ওই ব্যক্তির মুঠোফোন নম্বর দেন। পরে ওই মুঠোফোন নম্বরে যোগাযোগ করা হলেও কেউ ফোন ধরেননি।
রোববার দুপুরে জয়পুরহাট পৌরসভায় গিয়ে মেয়র মোস্তাফিজুর রহমানকে তাঁর কার্যালয়ে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনে কল করা হলে তা বন্ধ পাওয়া গেছে। গতকাল সোমবার দুপুরে প্যানেল মেয়র দেওয়ান ইকবাল হোসেন তাঁর কার্যালয়ে প্রথম আলোকে বলেন, পৌর কর্তৃপক্ষ যানবাহন থেকে টাকা আদায়ের বিষয়ে অবগত নয়। যে রসিদে টাকা নেওয়া হচ্ছে, সেটি ট্রাক টার্মিনালের জন্য প্রযোজ্য। আমরা বিষয়টি খতিয়ে দেখব।’
ওই সড়কে চলাচলকারী ট্রাকচালক ও স্থানীয় বাসিন্দারা জানান, জয়পুরহাট স্টেডিয়াম থেকে কাশিয়াবাড়ী পর্যন্ত দুই কিলোমিটার বাইপাস সড়কটি জয়পুরহাট চিনিকলের। এই বাইপাস সড়ক দিয়ে হিলি স্থলবন্দর থেকে প্রতিদিন শত ট্রাক-পিকআপ ও ট্রাক্টর চলাচল করে। ঈদুল আজহার অনেক আগে থেকেই কালীমন্দিরের সামনে ট্রাক-পিকআপ ও ট্রাক্টর থামিয়ে টাকা আদায় করা হচ্ছে। এর আগেও টাকা আদায় করা হচ্ছিল। তবে প্রায় এক বছরের কাছাকাছি সময় কাউকে টাকা আদায় করতে দেখা যায়নি। কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল শহরের হারাইলে অবস্থিত। চিনিকলের বাইপাস সড়ক থেকে কেন্দ্রীয় ট্রাক টার্মিনালের দূরত্ব প্রায় সাড়ে তিন কিলোমিটার।
নিশির মোড়ের বাসিন্দা ভজন কর্মকার বলেন, দুই ব্যক্তি নিয়মিত এই সড়কে চলাচলকারী ট্রাক-পিকআপ ও ট্রাক্টর থামিয়ে টাকা আদায় করেন। কাউকে কোন প্রতিবাদ করতে দেখিনি। এই সড়কে পুলিশের গাড়িও যাতায়াত করে।
ট্রাকচালক আসলাম হোসেন বলেন, ‘দিনাজপুর থেকে নওগাঁ যাচ্ছি। জয়পুরহাট শহরের ভেতর দিয়ে গেলে যানজট হয়। আবার দূরত্বও বেশি। এ কারণে কাশিয়াবাড়ী বাইপাস সড়ক দিয়ে উঠেছি। আগের যাওয়ার সময়ও ৫০ টাকা নিয়েছে। ফেরার সময়ও আবার ৫০ টাকা নিয়েছে। যে রসিদ দিয়েছে, সেটি ট্রাক টার্মিনালের টোলের রসিদ। আমি তো ট্রাক টার্মিনালে যাইনি।’
জানতে চাইলে জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নুরে আলম প্রথম আলোকে বলেন, সড়কে ট্রাক থামিয়ে টাকা আদায়ের বিষয়টি জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।