পাঠদান ব্যাহত

ঝড়ে ভেঙে যাওয়া বিদ্যালয় সংস্কারের উদ্যোগ নেই 

গত ১৭ মে দুপুরে কালবৈশাখীতে টিনের বেড়ার ঘরটি সম্পূর্ণ উড়ে যায়। আর টিনশেড আধা পাকা দুটি ঘরের চালা ও দেয়াল ভেঙে পড়ে। 

জাজিরার বিলাশপুর কুদ্দুস ব্যাপারী উচ্চবিদ্যালয়ের তিনটি ঘর ঝড়ে ভেঙে গেছে। ঘরগুলো সংস্কার করার কোনো উদ্যাগ নেই
ছবি: প্রথম আলো

শরীয়তপুরের জাজিরার বিলাশপুর কুদ্দুস ব্যাপারী উচ্চবিদ্যালয়ের তিনটি ঘর ঝড়ে ভেঙে গেছে। এ কারণে শ্রেণিকক্ষসংকট সৃষ্টি হয়েছে। ঝড়ে ঘর ভেঙে পড়ার চার সপ্তাহেও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। এমন পরিস্থিতিতে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।

বিদ্যালয় সূত্র জানায়, জাজিরার বিলাশপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীকান্দি এলাকায় ২০০৪ সালে বিলাশপুর কুদ্দুস ব্যাপারী উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। তখন টিনের বেড়া ও টিনের চালা দিয়ে তৈরি একটি ঘর এবং টিনের চালা দেওয়া ইটের দেয়ালঘেরা দুটি আধা পাকা ঘরে বিদ্যালয়টির কার্যক্রম শুরু করা হয়। ওই তিনটি টিনশেড ঘরে আটটি শ্রেণিকক্ষ ছিল। এরপর বিদ্যালয় চত্বরে তিন কক্ষের একটি একতলা পাকা ভবন নির্মাণ করে সরকার। যেখানে দুটি শ্রেণিকক্ষ ও একটি শিক্ষকদের কার্যালয় হিসেবে ব্যবহার করা হয়।

গত ১৭ মে দুপুরে আকস্মিক কালবৈশাখীতে টিনের বেড়ার ঘরটি সম্পূর্ণ উড়ে যায়। আর টিনশেড আধা পাকা দুটি ঘরের চালা ও দেয়াল ভেঙে পড়ে। এর ফলে ওই তিনটি ঘরের ৮টি শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম বন্ধ হয়ে যায়। ঝড়ের কয়েক দিন পর আধা পাকা ঘর দুটিতে কোনোরকমে পাঠদান শুরু করা হয়।

এ ব্যাপারে শরীয়তপুর জেলা শিক্ষা কর্মকর্তা শ্যামল চন্দ্র শর্মা প্রথম আলোকে বলেন, ‘ঘূর্ণিঝড়ে বিদ্যালয়ের ভবন ভেঙে গেছে, তা আমার জানা নেই। বিষয়টা খোঁজ নিয়ে দেখব। এরপর পদক্ষেপ নেব।’

স্কুলের প্রতিষ্ঠাতা বিলাশপুর ইউপি চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী প্রথম আলোকে বলেন, ‘বিদ্যালয়ের কয়েকটি শ্রেণিকক্ষ ঘূর্ণিঝড়ে ভেঙে যাওয়ার কারণে শিক্ষার্থীদের অনেক সমস্যা হচ্ছে। এই মুহূর্তে আমার ইউনিয়ন পরিষদে কোনো তহবিল নেই, তাই সংস্কারে উদ্যোগ নিতে পারছি না। প্রশাসন ও শিক্ষা বিভাগ কোনো উদ্যোগ না নিলে আমি ব্যক্তিগতভাবে সংস্কারের চেষ্টা করব।’

বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত বিদ্যালয়টিতে ৮১৪ জন শিক্ষার্থী রয়েছে। প্রতিটি শ্রেণিতে দুটি করে শাখা। একসঙ্গে ৫ শ্রেণির ১০টি শাখার পাঠদান করা হতো ১০টি শ্রেণিকক্ষে। ঘূর্ণিঝড়ের পর চারটি কক্ষে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম চালানো হচ্ছে।

বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মারুফ খান বলে, ‘আমাদের পাঠদান করার সময় ঝড় আসে। তখন আমরা খুব আতঙ্কিত ছিলাম। ঘরগুলো সংস্কার না করায় এখন একটি শ্রেণিকক্ষে দুই শাখার শিক্ষার্থীদের বসানো হচ্ছে। বেশি শিক্ষার্থীর কারণে লেখাপড়ায় বিঘ্ন হচ্ছে।’

প্রধান শিক্ষক শাহজাহান ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘ঘূর্ণিঝড়ে ঘর ভেঙে পড়েছে চার সপ্তাহ হয়েছে। ভবনগুলো মেরামত করার অর্থ চেয়ে সংসদ সদস্য, জেলা পরিষদ, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেছি। কিন্তু কারও কাছ থেকে সাড়া পাইনি। এখন দুই শাখার শিক্ষার্থীদের একসঙ্গে পাঠদান করানো হচ্ছে। এতে শিক্ষার্থীদের সমস্যা হচ্ছে।’

এ ব্যাপারে জানতে চাইলে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল প্রথম আলোকে বলেন, ‘বিলাশপুর কুদ্দুস ব্যাপারী উচ্চবিদ্যালয়ের টিনশেড ও আধা পাকা ঘড়ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়ের একটি আবেদন পেয়েছি। এই মুহূর্তে উপজেলা পরিষদে কোনো তহবিল নেই, যার কারণে কক্ষগুলো মেরামতে কোনো বরাদ্দ দেওয়া যাচ্ছে না। শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলে বিষয়টির সমাধানের উদ্যোগ নেওয়া হবে।’