সৌদি আরবে দুর্ঘটনা

‘ও আল্লাহ, আমার কী সর্বনাশ হইয়্যা গেল’

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ছেলে ইমাম হোসেনের বিষয়ে পুলিশের সঙ্গে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন আবদুল লতিফ। বুধবার দুপুরে গাজীপুরের টঙ্গীতে ইমাম হোসেনের বাড়িতে
ছবি: প্রথম আলো

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী মোড় থেকে বেক্সিমকো সড়ক ধরে আনুমানিক দেড় কিলোমিটার সামনে এগোলে নগরের বড় দেওড়া এলাকা। সেখানে ফকির মার্কেট থেকে একটু সামনে গেলে গত সোমবার সৌদি আরবে বাস দুর্ঘটনায় নিহত ইমাম হোসেন ওরফে রনির বাড়ি। মৃত্যুর খবর নিশ্চিত হতেই বাড়িটিতে নেমে এসেছে শোকের ছায়া। সমবেদনা জানাতে বাড়িটিতে ভিড় করছেন পাড়া-প্রতিবেশীরা। আসছেন স্থানীয় সংবাদকর্মী ও প্রশাসনের লোকজন।

পরিবারটির সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, ইমাম হোসেনরা তিন ভাই, এক বোন। এর মধ্যে ইমাম হোসেন মেজ। তাঁদের মা বেঁচে নেই। বাবা বৃদ্ধ। বোনের বিয়ে হয়ে গেছে। বড় ভাই আলী হোসেনও থাকেন বিদেশে। ইমামের আগে বিয়ে হয়েছিল। সে ঘরে একটি ছেলেসন্তান রয়েছে। টানা প্রায় ছয় বছর পর ৫ ফেব্রুয়ারি দেশে এসেছিলেন ইমাম হোসেন। আসার দুই দিনের মাথায় তাঁকে বিয়ে করানো হয়। ভাই ও নতুন বউকে পেয়ে পরিবারের সবাই খুব খুশি ছিলেন। নতুন করে সবকিছু গোছাচ্ছিলেন ইমাম। ছুটি শেষ হলে ২৫ মার্চ দেশত্যাগ করেন তিনি। আগামী ১ এপ্রিল থেকে কাজে যোগ দেওয়ার কথা ছিল তাঁর।

চলে যাওয়ার দিন ইমাম হোসেনকে এগিয়ে দিতে বিমানবন্দর পর্যন্ত সঙ্গে গিয়েছিলেন বৃদ্ধ বাবা আবদুল লতিফ। যাওয়ার আগে তাঁর একমাত্র সন্তান, স্ত্রীসহ পুরো পরিবারকে আগলে রাখার কথা বলেন। সৌদি আরবে পৌঁছে ওমরা করতে যাওয়ার আগে কথা বলার জন্য আবদুল লতিফকে কল দিয়েছেন ইমাম হোসেন। কিন্তু তখন নামাজে থাকায় ফোনে কথা বলতে পারেননি। কথাগুলো বলতে বলতে মূর্ছা যাচ্ছিলেন আবদুল লতিফ।

আহাজারি করে তিনি বলছিলেন, ‘একজন ফোন কইর‌্যা বলতেছিল আমার পোলা নাই। এইড্যা হুননাই বুকের ভেতরটা ভাইঙা খানখান হইয়্যা গেছিল। একপর্যায়ে মোবাইল ফালাইয়্যাই ছেলের দুঃখে দৌড়াইতে থাকি। আমার পোলাডার লগে শেষবারের মতো কথাও হইল না। এসব মনে হইলেই বুকটা ফাইটা যায়। ও আল্লাহ, আমার কী সর্বনাশ হইয়্যা গেল।’

কান্না থামিয়ে আবদুল লতিফ বলেন, ‘পোলাড্যার আগের বউ একটা সন্তান রাইখ্যা চইল্যা গেল। সন্তানের দেখাশোনার লাইগ্যা নতুন কইর‌্যা বিয়া দিলাম। সবাই খুশি। কিন্তু এর মাঝেই কী ঘটনা ঘইট্যা গেল। নাতির লগে পোলার বউডাও একা হইয়্যা গেল।’

সংসার খরচ, সন্তানের লেখাপড়াসহ প্রায় সব খরচ পাঠাতেন ইমাম হোসেন। সেই আয়েই চলত পুরো পরিবার। কিন্তু এখন ইমাম হোসেন না থাকায় সেই খরচ নিয়ে দুশ্চিন্তায় পড়েছে পরিবার। এ বিষয়ে কথা হয় ইমাম হোসেনের ছোট ভাই হোসাইন আহমেদ ওরফে জসিমের সঙ্গে। তিনি বলেন, ‘আমরা ভাইয়েরা সবাই বিবাহিত। বাবাসহ সবাই একসঙ্গেই থাকি। মাস শেষে সংসার খরচের টাকাটা মেজ ভাই (ইমাম) পাঠাতেন। কিন্তু এখন হঠাৎ করে ভাই নাই হয়ে গেল। এই টাকা কীভাবে ম্যানেজ হবে, এটা নিয়েই এখন সবার চিন্তা।’

ওমরাহ পালনের উদ্দেশ্যে স্থানীয় সময় গত সোমবার বিকেলে পবিত্র নগরী মক্কায় যাওয়ার পথে ইয়েমেন সীমান্তবর্তী আসির প্রদেশের আকাবা শার এলাকায় ৪৭ যাত্রী নিয়ে একটি বাস ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়। তাতে ১৮ বাংলাদেশি নিহত হন। তাঁদের একজন টঙ্গীর ইমাম হোসেন। তাঁর পরিবার এখন লাশের অপেক্ষায় রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম প্রথম আলোকে বলেন, ‘ইমাম হোসেন সৌদি আরবে যে প্রতিষ্ঠানে চাকরি করতেন, সেখানকার মোট চারজন ওই বাসে ওমরাহ করতে যান। বাস দুর্ঘটনায় দুজন মারা গেছেন। ওই দুজনের একজন ইমাম। তাঁদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বেঁচে যাওয়া ব্যক্তিরা। সরকারি নিয়মানুযায়ী যেভাবে লাশ বুঝে পাওয়ার কথা, সেভাবেই আমরা এগোব।’