বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে সরকারকে দায়ী করা ব্যক্তিরা বিকৃত মানসিকতার: শিক্ষামন্ত্রী

চাঁদপুরে একটি অনুষ্ঠানে যোগদানের পর স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। বুধবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে
ছবি: প্রথম আলো

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় যাঁরা সরকারকে দায়ী করছেন, তাঁরা বিকৃত মানসিকতার মানুষ বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আজ বুধবার বিকেলে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে একটি অনুষ্ঠানে যোগদানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি ও গৃহগণনা-২০২১ প্রকল্পে ব্যবহৃত ট্যাবগুলো মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে ব্যবহারের জন্য বিতরণ করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘আওয়ামী লীগ আগুন দেয় না, আগুন নিভিয়ে মানুষকে সুস্থতায় ফিরিয়ে আনে। বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় যাঁরা সরকারকে দায়ী করছেন, তাঁরা বিকৃত মানসিকতার মানুষ। বিএনপি-জামায়াত হলো আগুন–সন্ত্রাসী। এ অগ্নিকাণ্ডের পেছনে যদি কোনো মানুষের হাত খুঁজতে হয়, তাহলে সবার আগে অগ্নি–সন্ত্রাসীদের দিকে অঙ্গুলি যাবে।’

দীপু মনি আরও বলেন, ‘কেউ কেউ যেকোনো বিষয়ে সরকারকে সব সময় দোষারোপ করে। যদিও এ ধরনের দুর্যোগে ক্ষতি হয় সরকারের। কারণ, এ ভয়াবহ অগ্নিকাণ্ড সামাল দেওয়া ও ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের ব্যবস্থা সরকারকে করতে হয়। কাজেই সরকারের পক্ষ থেকে এ ধরনের কিছু হওয়ার যারা চিন্তা করে, তারা কী ধরনের বিকৃত মানসিকতার মানুষ, তা বোঝানো মুশকিল।’ এ সময় তিনি দেশবাসীকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষা নিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামী বছর থেকে সমন্বিত একটি পরীক্ষা নেওয়ার। যেগুলো বিশ্বের বহু উন্নত দেশে হয়। যেটি হয়তো বছরে একাধিকবার হবে। যেখানে সব ধারার শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। এতে অনেকগুলো বিষয় অন্তর্ভুক্ত হবে। এটির জন্য জাতীয়ভাবে একটি র‍্যাঙ্কিং তালিকা তৈরি হবে। সে তালিকা অনুযায়ী তাঁদের ভর্তির ব্যবস্থা করা হবে।’

শিক্ষামন্ত্রী বলেন, ইতিমধ্যে মেডিকেল কলেজে একই পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হয়ে আসছে। এটি একেবারে নতুন পদ্ধতি নয়। সেখানে যেমন সব প্রাইভেট ও সরকারি মেডিকেল কলেজ আসে। এখানে সব বিশ্ববিদ্যালয় আসবে। এটার কী পদ্ধতি হবে, কী নাম হবে—সব খুঁটিনাটি বিষয় ঠিক করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন শিগগিরই একটি বিশেষজ্ঞ কমিটি করে দেবে। তাঁরা আলাপ-আলোচনা করে, দেশের বাইরে কীভাবে হয়, সেগুলো দেখে নির্ধারণ করে দেবেন। তারপর এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র হেলাল হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।