চট্টগ্রাম আদালত ভবন
চট্টগ্রাম আদালত ভবন

২৮ বছর আগে চট্টগ্রামের এক দরবারে গুলিতে ভক্ত নিহত, রায়ে একজনের যাবজ্জীবন

২৮ বছর আগে একটি দরবার শরিফের দখল নিয়ে গোলাগুলিতে ঢাকা থেকে আসা এক ভক্তের নিহত হওয়ার মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁর নাম শেখ তৈয়বুল্লাহ সিদ্দিকী। আজ মঙ্গলবার তৃতীয় অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ হারুন-অর-রশীদ এই রায় দেন।

আদালতের বেঞ্চ সহকারী এম ডি আবু বক্কর প্রথম আলোকে বলেন, আদালত আসামি তৈয়বুল্লাহ সিদ্দিকীকে যাবজ্জীবন কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও পাঁচ মাসের কারাদণ্ড দেন। আরেক আসামি মো. ইকবালকে পাঁচ বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেন।

আবু বক্কর আরও বলেন, আসামিদের মধ্যে রায় ঘোষণার সময় তৈয়বুল্লাহ সিদ্দিকী হাজির ছিলেন। পরে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়। আসামি ইকবাল পলাতক থাকায় আদালত তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন।

আদালত সূত্র জানায়, ১৯৯৭ সালের ১ মার্চ হাটহাজারী উপজেলার ফরহাদাবাদে ‘আস্তানায়ে পাক দরবারে মুসাবিয়ায়’ ওরস উপলক্ষে ভক্তরা আসেন। আসামি লোকজন নিয়ে দরবারের দখল নেওয়ার চেষ্টা করেন। ওই সময় গোলাগুলিতে সেদিন ঢাকার ডেমরা থেকে আসা ভক্ত ইব্রাহিম হোসেন মাথায় গুলিবিদ্ধ হন। আরও ৭ থেকে ৮ জন গুলিতে আহত হন। এ ঘটনায় দরবারের ওরস এন্তেজামিয়া কমিটির সাধারণ সম্পাদক শাহীন শাহ ভুইয়া বাদী হয়ে মামলা করেন।

তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দিলে ২০০০ সালের মার্চে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। ১৫ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এই রায় দেন।