বিসিক শিল্পনগরী এলাকায় সামান্য বৃষ্টি হলেই এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। এ ছাড়া পয়োনিষ্কাশনের ব্যবস্থা দুর্বল। জায়গায় জায়গায় আবর্জনার স্তূপ।
জুয়েল আহমদ (৩৬) সিলেট বিসিক শিল্পনগরী এলাকার ব্যবসায়ী। তিনি বলেন, সামান্য বৃষ্টি হলেই শিল্পনগরীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। দোকানের ভেতরেও প্রায়ই পানি ঢুকে পড়ে। সড়কবাতিগুলো বিকল থাকায় সন্ধ্যার পর অন্ধকারে হাতড়িয়ে মানুষকে চলাচল করতে হয়। গলির রাস্তাঘাট কাঁচা।
বিসিক শিল্পনগরী এলাকাটি পড়েছে সিলেট নগরের ২৭ নম্বর ওয়ার্ডে। এ ওয়ার্ডের অন্য এলাকাগুলো হচ্ছে আলমপুর, গঙ্গানগর, গোটাটিকর, গোটাটিকর পূর্ব পাড়া, শিববাড়ী, সাতঘর, ঘোষপাড়া, কালীবাড়ী, যোগীশাসন, বন্দরঘাট, কৃষাণপুর, পাঠানপাড়া ও দক্ষিণ কুশিঘাট।
গোটাটিকর পূর্ব পাড়া এলাকার বাসিন্দা রুহিন আহমদ বলেন, তাঁদের এলাকায় মশার রাজত্ব। ওয়ার্ডে প্রচুর ঝোপঝাড় ও গাছপালা আছে। অন্যদিকে বেশির ভাগ নর্দমাই উন্মুক্ত। ফলে মশার উপদ্রব বেশি থাকে। এ ছাড়া পাড়া-মহল্লায় অসংখ্য কাঁচা রাস্তা থাকায় চলাচলে সমস্যায় পড়তে হচ্ছে। বৃষ্টির মৌসুমে এ দুর্ভোগ আরও বাড়ে।
সরেজমিনে দেখা গেছে, গোটাটিকর পূর্ব পাড়া এলাকার একটি সড়কের কাজ অসমাপ্ত রয়েছে। এ সড়কের অন্তত আধা কিলোমিটার এলাকায় বড় একটি গর্ত রয়েছে। সড়ক দিয়ে লোকজন চলাচল করতে পারছেন না। এ অবস্থায় সড়কের পাশে থাকা নালার ওপর দিয়ে স্থানীয় মানুষেরা যাতায়াত করছেন। স্থানীয় শাকির মিয়া (৪০) বলেন, ‘কুনু সুরুত (কোনোরকমে) ড্রেনের ওপর দিয়া মানুষ যায়। গাড়িটারি যাইতে পারে না।’
স্থানীয় মানুষের অভিযোগ, তিন বছর আগে গোটাটিকর পূর্ব পাড়া এলাকার সড়কটির কাজ শেষ করা হলেও শেষের আধা কিলোমিটার অংশ নির্মাণ করা হয়নি। এতে অন্তত ৩০টি পরিবারকে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে। কিছু কিছু বাসার লোকজন বাঁশের সাঁকো করে পারাপার হচ্ছেন।
স্থানীয় মানুষেরা আরও বলেন, বিসিক শিল্পনগরী, যোগীশাসন ও পাঠানপাড়া (একাংশ) এলাকায় সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয়। কালীবাড়ী এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক এখনো কাঁচা আছে। এর বাইরেও অধিকাংশ পাড়া-মহল্লার কাঁচা রাস্তা পাকা করা হয়নি। যোগীশাসন ও কৃষাণপুর এলাকার রাস্তা সরু। যোগীশাসন, বন্দরঘাট, কৃষাণপুর ও সাতঘর (একাংশ) এলাকায় বিশুদ্ধ পানির সংকট আছে। এ ছাড়া প্রতিটি এলাকাতেই মশার মাত্রাতিরিক্ত উপদ্রব রয়েছে। তবে মশা নিধনে ওষুধ ছিটাতে দেখা যায় না।
বিসিক শিল্পনগরী এলাকার কয়েকজন ব্যবসায়ী জানিয়েছেন, সামান্য বৃষ্টি হলেই এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। এ ছাড়া পয়োনিষ্কাশনের ব্যবস্থা দুর্বল থাকায় পানিপ্রবাহের সুযোগ এলাকাটিতে কম। জায়গায় জায়গায় আবর্জনা পড়ে থাকায় সারাক্ষণ দুর্গন্ধ ছড়ায়।
কাউন্সিলর আজম খান বলেন, প্রত্যাশা অনুযায়ী অন্তত ৮০ শতাংশ কাজ তিনি শেষ করতে পেরেছেন। পানির সংযোগ পাইপ বসানো হলেও সুপেয় পানির সংকটে সিটি করপোরেশন কর্তৃপক্ষ পানি এ ওয়ার্ডে সরবরাহ করতে পারছে না। তবে দ্রুত এ সংকট কাটবে। এ ছাড়া ওয়ার্ডের আবর্জনা নিয়মিত অপসারণ করতেও উদ্যোগ নেওয়া হয়। মশার উপদ্রব ঠেকাতে নিয়মিত ওষুধ ছিটানো হয়।
আজম খান আরও বলেন, গোটাটিকর পূর্ব পাড়া এলাকার যে অসমাপ্ত সড়কটির কথা বলা হচ্ছে, সেখানটা অন্তত ৯ ফুট গভীর। এত নিচু জায়গায় মাটি ফেলে সড়ক নির্মাণ করতে প্রচুর টাকার প্রয়োজন। তবে ভবিষ্যতে নির্বাচিত হলে এ সড়কের কাজ শেষ করবেন।
ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মঈন উদ্দিন বলেন, ওয়ার্ডে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। পার্শ্ববর্তী ওয়ার্ডগুলোর চেয়ে এ ওয়ার্ড অনেক পিছিয়ে। ওয়ার্ডটিতে এখনো বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে পারেনি। না শহর, না গ্রাম, এমন বিচিত্র পরিচয় নিয়ে এখানকার বাসিন্দারা বসবাস করছেন।