
দুপুর ১২টা। কড়া রোদে সবজিখেতের আগাছা পরিষ্কার করছিলেন আশরাফুল ইসলাম। তাঁর পরনে স্যান্ডো গেঞ্জি আর লুঙ্গি। ঈদের দিন হলেও আশরাফুল ইসলামের পোশাকে তার ছাপ নেই। দিনমজুরের কাজ করে আশরাফুলের সংসার চলে না। তাই ঈদের দিনেও কাজ করছেন তিনি।
আজ শনিবার রংপুরের তারাগঞ্জ উপজেলার ছোট মেনানগর গ্রামের মাটিয়ালপাড়ার মাঠে আশরাফুলের সঙ্গে কথা হয়। আগাছা পরিষ্কার করতে করতে আশরাফুল বললেন, ‘নামাজ পড়ি, সেমাই খায়া মাঠোত আলচি। ঘরোত বসে আরাম কইরার দিন কি হামার আছে!’
আশরাফুল জানান, দুই মেয়ে, এক ছেলেসহ পাঁচ সদস্যের সংসার তাঁর একার আয়ে চলে। জমিজমা বলতে বসতভিটাটুকুই সম্বল। অন্যের জমিতে কাজ করে সংসারের খরচ জোগান। তবে বাজারে প্রায় সব ধরনের নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ার পর থেকে তিনি সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। এবার ঈদে সন্তানদের জন্য ধার করা টাকায় জামাকাপড় কিনেছেন। আর প্রতিবেশীদের কাছ থেকে স্ত্রীর জন্য একটা শাড়ি পেয়েছেন। নিজের জন্য কিনেছেন শুধুই স্যান্ডো গেঞ্জি।
আশরাফুল ইসলাম বলেন, ‘দিনমজুরের আবার ঈদ। ছোটবেলা থেকেই ঈদ কী, বুঝি নাই। জন্ম থাকি অভাবী। বাজারে জিনিসপাতির দাম দ্বিগুণ হইছে। খাবার টাকায় জোটে না, কাপড় কিনি কী দিয়া! তাও ধার করি ছাওয়া তিনটার অল্প করি নয়া জামা কিনি দিচু। নিজের জন্য ১০০ টাকাত একটা স্যান্ডো গেঞ্জি নিছু। পাড়ার মাইনষে বউয়ের শাড়ি আর সেমাই-চিনি দিছে। নামাজ পড়ি, সেমাই খায়া শাকখেত নেলার আলচু। বসি থাকলে তো আর পেট চলবে না।’
বেলা দুইটার দিকে একই উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের আনিছা বেগম ইকরচালী উচ্চবিদ্যালয়ের পাশে ছাগলকে ঘাস খাওয়াচ্ছিলেন। আনিছা বেগমের স্বামী নজরুল ইসলাম চোখে দেখেন না। তাই সংসারের বেশির ভাগ দায়িত্ব আনিছা বেগমের কাঁধে। দীর্ঘদিন ধরে অন্যের জমিতে ঘর তুলে বাস করেন তাঁরা। ওই ঘরও ভেঙে গেছে। চালের ছিদ্র দিয়ে ভেতরে বৃষ্টির পানি ঢোকে।
ঈদ কেমন কাটল জানতে চাইলে আনিছা বলেন, ‘গরিব মাইনষের ফির ঈদ আছে? ঈদ থাকলে কি এমতোন করি বাইরোত (এভাবে বাইরে) আসি ছাগল চড়াইনো হয়, কন? মাইনষের বাড়ির সেমাই ভাত খায়া ছাগল তিনটাক ঘাস খাওয়ার নিয়া আসনু। ঈদ হামরা খালি চোখ দিয়া দেখিছি।’
তবে ঈদ মানে ভ্যানচালক দুলু মিয়া ও সিরাজুল ইসলামের কাছে বাড়তি আয়ের দিন। ঈদের দিন সবচেয়ে বেশি যাত্রী থাকে। ভাড়ার সঙ্গে বকশিশও জোটে। তাই ঈদের সালাত শেষ করেই ভ্যান নিয়ে রাস্তায় নেমেছেন তাঁরা। বেলা সাড়ে তিনটার দিকে কথা হয় তাঁদের সঙ্গে।
হাড়িয়ারকুঠি ইউনিয়নের নয়া মাদ্রাসা এলাকার ভ্যানচালক দুলু মিয়ার সঙ্গে ইকরচালীর বামনদীঘি কালেক্টরেট ইকোপার্কের সামনে কথা হয়। দুলু মিয়া বলেন, ‘ঈদের দিন জীবনের সর্বোচ্চ কামাই হয়। সকাল ১১টা থাকি সন্ধ্যা ৬টা পর্যন্ত ভ্যান চলেয়া আগের ঈদে দুই হাজার টাকা পর্যন্ত কামাই করছি। এবার তিন হাজারে মতোন কামাই হইবে। এবার খুব ভালো যাওছে ঈদ।’
হাজীপুরের ভ্যানচালক সিরাজুল ইসলাম বলেন, ঈদের সময় ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে লোকজন বাড়িতে আসেন। তাঁরা ঈদের দিন পরিবার ও বন্ধুদের নিয়ে ভ্যানে চড়ে ঘুরে বেড়ান। এতে ঈদের দিন যাত্রীর অভাব হয় না। যাত্রীরা খুশি হয়ে বকশিশ দেন। তাই ঈদ উৎসব তাঁর জন্য মঙ্গলময় বলে মনে করেন তিনি।
ওই পার্কের সামনে কথা হয় কসাইপাড়া গ্রামের নুর বানুর সঙ্গে। তিনি পার্কে আসা দর্শনার্থীর কাছে সাহায্য চাইছিলেন। নুর বানু বলেন, তাঁর স্বামী অনেক আগে মারা গেছনে। তবে তিনি কোনো বিধবা ভাতা পান না। এবারের ঈদে নতুন কাপড় কিংবা সেমাই—কিছুই কিনতে পারেননি। শুধু সরকারিভাবে ১০ কেজি চাল সহায়তা পেয়েছেন। বাড়িতে তাঁর নাতনিরা চুড়ি-ফিতা কেনার আবদার করেছে। তাই তিনি সাহায্যের আশায় পার্কে এসেছেন।