কাঠবিড়ালি মারতে ভুট্টাখেতে রেখেছিলেন বিষ মেশানো মিষ্টি, খেয়ে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

বাড়ির পাশেই ভুট্টাখেত। খেতে কাঠবিড়ালির ব্যাপক উপদ্রব। ওই কাঠবিড়ালি মারতে খেতে আখের গুড়ের সঙ্গে বিষ মিশিয়ে মিষ্টি বানিয়ে রেখেছিলেন এক কৃষক। খেলার ছলে সেই মিষ্টি খেয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে আরও এক শিশু হাসপাতালে চিকিৎসাধীন।

আজ বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হোগলা গ্রামের কৃষক আবু তালেবের ভুট্টাখেতে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম নোভা খাতুন (৩)। সে হোগলা গ্রামের ইবাদুল হোসেনের মেয়ে। আর হাসপাতালে চিকিৎসাধীন শিশু মো. সায়েম (৩) একই গ্রামের সাইদুল ইসলামের ছেলে। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন।

পুলিশ, হাসপাতাল ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভুট্টাখেতের কাঠবিড়ালি মারার জন্য গুড়ের সঙ্গে বিষ মিশিয়ে গোল গোল মিষ্টি বানিয়ে খেতের বিভিন্ন জায়গায় রাখেন কৃষক আবু তালেব। বিকেলে বাড়ির পাশের ওই খেত থেকে শিশু নোভা ও সায়েম মিষ্টি খায়। খাওয়ার পরপরই অসুস্থ হয়ে পড়লে স্বজনেরা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান। সেখানকার চিকিৎসক নোভাকে মৃত ঘোষণা করেন এবং সায়েমকে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সায়েম আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, একটি শিশু হাসপাতালে আনার আগেই মারা গিয়েছিল। অন্য শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন আছে। সে বর্তমানে আশঙ্কামুক্ত।

নিহত শিশুর দাদা বসির উদ্দিন বলেন, বাড়ির পাশে ভুট্টাখেত থেকে বিষ মেশানো মিষ্টি খেয়ে নোভা মারা গেছে। সায়েম হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে কৃষক আবু তালেব প্রথম আলোকে বলেন, তাঁর ফসলের খেতে কাঠবিড়ালির ব্যাপক উপদ্রব থাকায় তা নিধনের জন্য তিনি আখের গুড়ের সঙ্গে বিষ মিশিয়ে রেখেছিলেন। কিন্তু এভাবে দুর্ঘটনা ঘটবে, তিনি বুঝতে পারেননি।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন বলেন, ভুট্টাখেতের কাঠবিড়ালি মারতে রাখা বিষ মেশানো মিষ্টি খেয়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।