খুলনা সিটি করপোরেশনের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া এস এম শফিকুর রহমান প্রার্থিতা ফিরে পেয়েছেন। আপিলে প্রার্থিতা ফিরে না পাওয়ায় উচ্চ আদালতের শরণাপন্ন হয়েছিলেন তিনি। আদালতের রায় ঘোষণার পর আজ মঙ্গলবার তাঁকে ‘টেবিলঘড়ি’ প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। এ নিয়ে খুলনায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচ প্রার্থী।
শফিকুর রহমান সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, আদালতের রায়ের কপি আজ দুপুরে রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়। এরপর তিনি যাচাই-বাছাই করে প্রতীক বরাদ্দ দিয়েছেন।
খুলনা সিটি নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারাজী বেনজীর আহম্মেদ প্রথম আলোকে বলেন, আদালতের কাগজপত্র যাচাই-বাছাই করে শফিকুর রহমানকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি টেবিলঘড়ি প্রতীক পেয়েছেন। তিনিসহ নির্বাচনে মেয়র পদে এখন পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এর আগে ১৮ মে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ৩০০ সমর্থক ভোটারের তথ্যে ভুল থাকার অভিযোগে শফিকুর রহমানের মনোনয়ন বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন। ২৩ মে আপিল শুনানিতেও আগের সিদ্ধান্ত বহাল রাখেন খুলনা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরী। পরে উচ্চ আদালতে রিট করেন শফিকুর রহমান। রিট শুনানিতে বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁর প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মাহাবুবুর রহমান।
২০১৮ সালে অনুষ্ঠিত খুলনা সিটি নির্বাচনে জাতীয় পার্টির হয়ে মেয়র পদে নির্বাচন করেছিলেন শফিকুর রহমান। এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র দাখিল করেছিলেন।
খুলনা সিটি নির্বাচনে এবার মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন সাতজন। যাচাই-বাছাইয়ে চারজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। এর মধ্যে তিনজনই ছিলেন স্বতন্ত্র প্রার্থী। চারজনই প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছিলেন। কিন্তু শুধু জাকের পার্টির এস এম সাব্বির হোসেন প্রার্থিতা ফিরে পান। প্রার্থিতা ফিরে না পাওয়া তিনজনের মধ্যে শুধু শফিকুর রহমান উচ্চ আদালতে আপিল করেছিলেন।