নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ সোমবার বিকেলে বগুড়া শহরের শহীদ খোকন পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে
নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ সোমবার বিকেলে বগুড়া শহরের শহীদ খোকন পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে

বিএনপি ক্ষমতায় এসেই দেশকে সংকটের মুখে ঠেলে দিয়েছে: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি ক্ষমতায় এসেই দেশকে সংকটের মুখে ঠেলে দিয়েছে। তারা ক্ষমতায় আসার পর রেমিট্যান্স কমেছে, জ্বালানি তেলের সংকট সৃষ্টি হয়েছে। কৃষক কার্ড-ফ্যামিলি কার্ড নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে। দেশে জ্বালানি তেলের জন্য হাহাকার পড়েছে। অথচ সরকারের মন্ত্রীরা সংকটের কথা অস্বীকার করছেন। জ্বালানি তেলের সংকট না থাকলে পেট্রলপাম্পে গাড়ির লাইন এত দীর্ঘ কেন?

আজ সোমবার বিকেলে বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ১১–দলীয় জোটের প্রার্থী আবিদুর রহমানের পক্ষে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার এ কথা বলেন। বগুড়া শহরের শহীদ খোকন পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে সমাবেশের আয়োজন করা হয়। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, উপনির্বাচনে ৯ এপ্রিল সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, জাতীয় নির্বাচনের পরে বিএনপির চরিত্রের উন্মোচন হয়ে গেছে। সাধারণ মানুষ এখনই নিজেদের প্রতারিত ভাবতে শুরু করেছেন। বিএনপি দেশের চেয়ে দলের স্বার্থে বেশি গুরুত্ব দিচ্ছে।

সমাবেশে সভাপতিত্ব করেন উপনির্বাচনে ১১–দলীয় জোটের প্রার্থী আবিদুর রহমান। তিনি জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া শহর শাখার আমির।

এর আগে বিকেলে সদর উপজেলার বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে ১১-দলীয় জোটের প্রার্থীর সমর্থনে আরেকটি নির্বাচনী সমাবেশ হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে বর্তমান সংসদ গঠিত হয়েছে। দিল্লির কথায় দেশের ভেতর বিভেদ সৃষ্টি না করে জুলাই সনদের ভিত্তিতে দেশ পরিচালনায় জাতীয় ঐক্য গড়ে তুলুন।

অন্তর্বর্তী সরকারের গণভোট আদেশ বাতিল করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে দাবি করে গোলাম পরওয়ার বলেন, জুলাই আন্দোলনে শহীদ ও আহত ব্যক্তিরা একটি বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ দেখতে চেয়েছিলেন। শেখ হাসিনার ফ্যাসিবাদী কাঠামো ভেঙে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছিলেন। ভোটের আগে প্রধানমন্ত্রী নিজেও ‘হ্যাঁ’ ভোট দিতে বলেছিলেন। ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হওয়ার পর তিনি এখন তা অস্বীকার করছেন। ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রায় দেওয়া পাঁচ কোটি ভোটারের সঙ্গে প্রতারণা জাতি মেনে নেবে না।

বগুড়া ও বাঘোপাড়ায় আয়োজিত দুটি সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য শাহাবুদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া অঞ্চলের সহকারী পরিচালক নজরুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি গোলাম রব্বানী, এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদা আলম, এনসিপির বগুড়া জেলা সভাপতি এস এ মাহমুদ, জেলা জামায়াতের আমির আবদুল হক সরকার, নায়েবে আমির আবদুল হাকিম সরকার, শহর জামায়াতের সেক্রেটারি আ স ম আবদুল মালেক প্রমুখ।