চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশুস্বাস্থ্য বিভাগের হাম কর্নারে ভর্তি এক শিশু ও অভিভাবক। আজ দুপুরে তোলা
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশুস্বাস্থ্য বিভাগের হাম কর্নারে ভর্তি এক শিশু ও অভিভাবক। আজ দুপুরে তোলা

হামের উপসর্গ নিয়ে চট্টগ্রামে এক শিশুর মৃত্যু

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়। কক্সবাজার থেকে আসা শিশুটির বয়স ছয় মাসের কম বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল সোমবার রাতে শিশুটিকে কক্সবাজার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরে রাতে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, হামের উপসর্গ নিয়ে শিশুটির মৃত্যু হয়েছে। তবে হাম ছিল কি না তা ‘নিশ্চিত’ হওয়া যায়নি। এ জন্য শিশুটির নমুনা পাঠানো হয়েছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামে আজ সকাল ১০টা পর্যন্ত ৭ জনের হাম ও ১ জনের মধ্যে রুবেলার সংক্রমণ পাওয়া গেছে। এ ছাড়া হামের লক্ষণ নিয়ে ২৯ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে। এই সময়ে ৪ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আর ৭৫ জন হামের লক্ষণযুক্ত রোগীর নমুনা ঢাকায় পাঠানো হয়েছে।

দাতা সংস্থাগুলোর একটি সূত্র বলছে, এ বছরের ৪ জানুয়ারি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে প্রথম হাম শনাক্ত হয়। ১০ জানুয়ারি ক্যাম্প এলাকায় সতর্কতা জারি করা হয়। বাংলাদেশ হামমুক্ত দেশ নয়, তবে টিকা কর্মসূচির কারণে হামের প্রকোপ কমে এসেছিল। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা ধারণা করছেন, অনেক শিশু নিয়মিত টিকা পাচ্ছে না। পাশাপাশি দেশে বেশ কয়েক বছর হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিও হয় না। এ কারণে হামের প্রকোপ দেখা দিয়েছে। চলতি মাসে হামে দেশে ৫০টির বেশি শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।