পদ্মায় দুই শিশু নিখোঁজ, আনন্দ ছাপিয়ে উদ্বেগ বিয়েবাড়িতে

নিখোঁজ দুই শিশুর সন্ধানে পদ্মা নদীতে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। শনিবার সকাল ৯টার দিকে রাজশাহী নগরের ডাশমাড়ী সাতবাড়িয়া ঘাটে
ছবি: শহীদুল ইসলাম

ইসতিয়াক হোসেন (১২) তার মামাতো বোনের বিয়ের অনুষ্ঠানে এসেছিল। আর সজীব হোসেন (১২) এসেছিল চাচাতো বোনের বিয়েতে। বরযাত্রী তখনো আসেননি। এই ফাঁকে তারা দুজন পদ্মা নদীতে গোসল করতে নামে। এর পর থেকে দুজনের আর খোঁজ পাওয়া যাচ্ছে না। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী নগরের সাতবাড়িয়া মহল্লায় পদ্মা নদীতে নেমে তারা নিখোঁজ হয়। এ ঘটনায় বিয়েবাড়ির আনন্দ উদ্বেগ আর উৎকণ্ঠায় পরিণত হয়েছে।

নিখোঁজ দুই শিশুকে উদ্ধারে গতকাল সারা দিন ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার অভিযান চালিয়েছেন। সন্ধ্যা সাতটায় অভিযান স্থগিত করা হয়। আজ শনিবার সকাল ছয়টা থেকে আবার উদ্ধার অভিযান চালানো হচ্ছে। আজ সকাল নয়টার দিকে সাতবাড়িয়া ঘাট এলাকায় পদ্মাপাড়ে শতাধিক মানুষ দাঁড়িয়ে উদ্ধার অভিযান দেখছিলেন।

নিখোঁজ ইসতিয়াক হোসেনের বাড়ি নগরের চরশ্যামপুর মহল্লায়। তার বাবা শুকুর আলী একজন ভ্যানচালক। নিখোঁজ সজীব হোসেনের বাড়ি সাতবাড়িয়া মহল্লায়। তার বাবা ইকবাল হোসেন একজন রিকশাচালক। ইসতিয়াক গত বৃহস্পতিবার মায়ের সঙ্গে বিয়েবাড়িতে এসেছিল।

সাতবাড়িয়া গ্রামের আশরাফ আলীর মেয়ের বিয়ের আয়োজন করা হয়েছিল। সজীবের দাদি জোছনা বেগম বলেন, বরযাত্রীদের জন্য রান্না হয়েছিল। তাঁরা এসেছিলেন দুপুর ১২টার দিকে। খাওয়ার আগে দুই বাচ্চা ডুবে যাওয়ার খবর শুনে আর কেউ বিয়েবাড়িতে দাঁড়াননি। বরযাত্রীরা খাওয়াদাওয়া বাদ দিয়ে শুধু বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে মেয়ে নিয়ে চলে গেছেন। বিয়েবাড়ির কোনো আনন্দ আর নেই। সবাই দুই শিশুর জন্য চিন্তা করছেন।

নদীর পাড়ে দাঁড়িয়ে নিখোঁজ দুই শিশুর স্বজনেরা আহাজারি করছেন। শনিবার সকাল ৯টার দিকে রাজশাহী নগরের ডাশমাড়ী সাতবাড়িয়া ঘাটে

ইসতিয়াকের মা সীমা বেগম বলেন, কনের বাবা আশরাফ আলী তাঁর মামাতো ভাই। বিয়ের দাওয়াত পেয়ে তিনি ছেলেকে নিয়ে বৃহস্পতিবারেই এসেছিলেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ বলেন, গতকাল ঘটনাটি ঘটেছে বেলা সাড়ে ১১টার দিকে। তাঁরা খবর পেয়েছেন ১১টা ৪০ মিনিটের দিকে। সঙ্গে সঙ্গে সদর দপ্তরের দুটি ডুবুরি ইউনিটকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সন্ধ্যা সাতটায় অভিযান স্থগিত করে আজ সকাল ছয়টা থেকে আবার উদ্ধার অভিযান চালানো হচ্ছে। দুজন ডুবুরি পানির নিচে নেমেছেন। লাশ ভেসে উঠতে পারে, এই জন্য অন্যরা নৌকা নিয়ে অভিযান চালাচ্ছেন।