মেহেরপুরে জেলা প্রশাসনের অভিযানে উদ্ধার ৮০০ লিটার ডিজেল। মঙ্গলবার সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে
মেহেরপুরে জেলা প্রশাসনের অভিযানে উদ্ধার ৮০০ লিটার ডিজেল। মঙ্গলবার সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে

মেহেরপুরে এক ব্যক্তির বাড়ি থেকে ৮০০ লিটার ডিজেল উদ্ধার, মামলা দায়ের

মেহেরপুর সদর উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত করার অভিযোগে একজনকে আটক করেছে প্রশাসন। এ সময় তাঁর বাড়ি থেকে ৮০০ লিটার ডিজেলভর্তি চারটি ড্রাম জব্দ করা হয়।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার গোভিপুর ইউনিয়নের ফতেপুর গ্রামে জেলা প্রশাসন এই অভিযান পরিচালনা করে। আটক ব্যক্তির নাম মোয়াজ্জেম হোসেন (৪৫)। তিনি ফতেপুর গ্রামের বাসিন্দা।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ফতেপুর গ্রামে নিজের বসতবাড়িতে অবৈধভাবে বিপুল পরিমাণ ডিজেল মজুত করে রাখা হয়েছে—এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার এন্তামুল হকের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে মোয়াজ্জেমের বাড়ি থেকে ড্রামভর্তি অবস্থায় ৮০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে চড়া দামে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করছিলেন।

সহকারী কমিশনার এন্তামুল হক বলেন, স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে এই ঝটিকা অভিযান চালানো হয়। উদ্ধারকৃত ডিজেল ও অভিযুক্ত মোয়াজ্জেমকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, অবৈধভাবে ডিজেল মজুতের অভিযোগে মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা করা হয়েছে। উদ্ধারকৃত জ্বালানি তেল থানা হেফাজতে রাখা হয়েছে।