
বাগেরহাটে দূরপাল্লার যাত্রীবাহী বাসের ধাক্কায় অজয় ভট্টাচার্য (৪২) নামের এক পথচারী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে বাগেরহাট-খুলনা মহাসড়কের সিঅ্যান্ডবি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অজয় ভট্টাচার্য বাগেরহাট সদর উপজেলার রসুলপুর গ্রামের মানিক লাল ভট্টাচার্যের ছেলে। অজয়ের ভাই অঞ্জন ভট্টাচার্য বলেন, ‘আমার ভাই অজয় সকালে হাঁটতে বেরিয়েছিলেন। এ সময় বাগেরহাটগামী দূরপাল্লার যাত্রীবাহী একটি বাস পেছন থেকে তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আমার ভাই মারা যান। বাস আমাদের সব শেষ করে দিল।’
এদিকে দুর্ঘটনার পরপর স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে সিঅ্যান্ডবি বাজার এলাকায় সড়ক অবরোধ করে রাখেন। এতে দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সকাল সাড়ে সাতটার পর থেকে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
কাটাখালী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মিজানুর রহমান বলেন, এখন পরিস্থিতি শান্ত আছে। যান চলাচল স্বাভাবিক আছে। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে দুর্ঘটনার পরপরই ওই বাসের চালক বাসটি নিয়ে পালিয়ে গেছেন।