৩০ বীর মুক্তিযোদ্ধার নামে  সড়ক 

প্রথম পর্যায়ে ৩০ জনের নামে সড়কের নামকরণ করা হয়েছে। গতকাল পর্যন্ত ১৪টির কাজ শেষ হয়েছে। 

সুন্দরগঞ্জ উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের নামে সড়কের নামকরণ করা হয়েছে। সম্প্রতি সর্বানন্দ ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার চৌধুরী সড়ক
ছবি: প্রথম আলো

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের নামে ৩০টি সড়কের নামকরণ করেছে উপজেলা প্রশাসন। এসব সড়ক দিয়ে মুক্তিযোদ্ধাদের বাড়িতে যাওয়া যাবে। প্রতিটি সড়কের শুরুতে নির্মাণ করা হয়েছে মুক্তিযোদ্ধার নাম ও ছবি সংবলিত পাকা নামফলক।

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্র জানায়, উপজেলায় মোট ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভা রয়েছে। উপজেলায় বীর মুক্তিযোদ্ধা ২৭২ জন। তাঁদের মধ্যে ১৩৫ জন এখনো জীবিত। প্রথম পর্যায়ে ৩০ জনের নামে সড়কের নামকরণ করা হয়েছে। গতকাল বুধবার পর্যন্ত ১৪টির কাজ শেষ হয়েছে। বাকি সড়কের কাজ চলছে। পর্যায়ক্রমে অন্যদের নামেও সড়কের নামকরণ করার উদ্যোগ নেওয়া হবে।

এ সম্পর্কে ইউএনও মোহাম্মদ আল মারুফ বলেন, বীর মুক্তিযোদ্ধারা দেশের জন্য পতাকা এনে দিয়েছেন। তাঁরা একজন একজন করে চলে যাচ্ছেন। তাঁদের স্মরণীয় করে রাখতে এই চেষ্টা।

প্রতিটি ইউনিয়নে দুটি করে সড়কের নাম বীর মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ করা হয়েছে। এতে খরচ হচ্ছে ৭০ হাজার টাকা। উপজেলা পরিষদের সভার সিদ্ধান্তে স্থাবর সম্পত্তি হস্তান্তর করে (ইউনিয়ন পরিষদের অংশ) ১ শতাংশ থেকে এ টাকা ব্যয় করা হচ্ছে।

সড়কগুলো হচ্ছে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা আবদুল আউয়াল মিয়া সড়ক ও আবদুল জলিল মিয়া সড়ক, সোনারায় ইউনিয়নে তোফাজ্জাল হোসেন সড়ক ও আবদুল কুদ্দুছ মিয়া সড়ক, তারাপুর ইউনিয়নে আবদুল লতিফ সরকার সড়ক ও আবুল হোসেন সড়ক, বেলকা ইউনিয়নের হাফিজুর রহমান সড়ক ও ফেরদৌস আলী সড়ক, দহবন্দ ইউনিয়নে এনামুল হক সড়ক ও নুরুল ইসলাম সড়ক, সর্বনান্দ ইউনিয়নে শফিকুল ইসলাম সড়ক ও সন্তোষ কুমার চৌধুরী সড়ক, রামজীবন ইউনিয়নে আশরাফুল ইসলাম সড়ক ও শাহজালাল আহমেদ সড়ক, ধোপাডাঙ্গা ইউনিয়নে মৃত আব্বাস আলী সড়ক ও হাফিজ উদ্দিন মণ্ডল সড়ক, ছাপড়হাটি ইউনিয়নে মুনছুর আলী সড়ক ও মৃত মনোজ কুমার রায় সড়ক, শান্তিরাম ইউনিয়নে মনোরঞ্জন বর্মন সড়ক ও জহির উদ্দিন সড়ক, হরিপুর ইউনিয়নে আজিজুর রহমান সড়ক ও আমজাদ হোসেন সড়ক, কঞ্চিবাড়ি ইউনিয়নে মফিজল মিস্ত্রি সড়ক ও নুরুজ্জামান মিয়া সড়ক, শ্রীপুর ইউনিয়নে মো. ছলেমান সড়ক ও আবদুল মান্নান আকন্দ সড়ক, চন্ডিপুর ইউনিয়নে দেওয়ান আবদুল হামিদ সড়ক ও নুরুল হক সড়ক এবং কাপাশিয়া ইউনিয়নে আমজাদ হোসেন সড়ক ও লায়েক আলী খান মিন্টু সড়ক। 

মুক্তিযোদ্ধা সংসদের উপজেলা ইউনিটের সাবেক কমান্ডার এমদাদুল হক বলেন, বীর মুক্তিযোদ্ধাদের নামে সড়কের নামকরণ হচ্ছে। এ জন্য নিজেকে গর্বিত মনে হচ্ছে।