চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন ২১তম উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক মোহাম্মদ আল-ফোরকান। তিনি বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের শিক্ষক। পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সিনিয়র সহসভাপতি। এর আগে ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ২০তম উপচার্য হিসেবে মোহাম্মদ ইয়াহইয়া আখতার নিয়োগ লাভ করেছিলেন।
আজ সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সংবাদ সম্মেলনে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়া ঢাকা–রাজশাহী–জগন্নাথসহ ছয় বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার।
অধ্যাপক মোহাম্মদ আল-ফোরকান চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মদনহাট এলাকার বাসিন্দা। তিনি মদনহাট উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক এবং হাটহাজারী কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগে ১৯৮৫ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত স্নাতক ও স্নাতকোত্তর পড়াশোনা করেন। এরপর ১৯৯৩ সালের জানুয়ারিতে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন।
নিয়োগের বিষয়ে অধ্যাপক মোহাম্মদ আল-ফোরকান প্রথম আলোকে বলেন, ‘আমিও টিভিতে বিষয়টি দেখেছি এবং ফোনে অন্যদের থেকে শুনতে পারছি। তবে এখন পর্যন্ত সরকারি কোনো নির্দেশনা বা চিঠি আমার কাছে আসেনি।’
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘নতুন উপাচার্য নিয়োগের বিষয়টি আমিও বিভিন্ন সংবাদমাধ্যমে দেখেছি। তবে এখন পর্যন্ত এ বিষয়ে দাপ্তরিক কোনো চিঠি আমাদের কাছে আসেনি।’