বরিশাল সিটির ওয়ার্ড পরিক্রমা: ওয়ার্ড নম্বর ৪

উন্নয়নের ছোঁয়া লাগেনি অনেক এলাকায়

মূল সড়কটির দুই পাশে নালা না থাকায় বৃষ্টির সময়ে সড়ক পানিতে ডুবে থাকে। আশপাশের বাড়িঘরেও পানি ঢোকে।

বরিশাল সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের উলালঘুণি এলাকার ভাঙাচোরা সড়ক।
ছবি: প্রথম আলো

বরিশাল নগরের ৪ নম্বর ওয়ার্ডটি নগরের উত্তরাংশে অবস্থিত। ওয়ার্ডটির অধিকাংশ এলাকা অনুন্নত। এখনো শহরের ছোঁয়া লাগেনি অনেক এলাকায়। তবু এসব এলাকার বাসিন্দাদের সিটি করপোরেশনের ট্যাক্স গুনতে হচ্ছে।

নগরের ভাটিখানা উত্তর-পূর্বাংশ, ভাটিখানা, টাউন স্কুল, স্ব রোড, উলাল ঘুণি এলাকা নিয়ে গঠিত ৪ নম্বর ওয়ার্ড। ওয়ার্ডটির বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, এই এলাকার নাগরিকদের মূল সমস্যা ভাঙাচোরা সড়ক, নালার অপ্রতুলতা, জলাবদ্ধতা, পানির সংকট ও মশার উপদ্রব। এর মধ্যে গাউশ্বর মেইন সড়কটি খুবই বেহাল। ১০ বছরের বেশি সময় ধরে সড়কটি ভাঙাচোরা। সড়কটি কাউনিয়া-বিসিক শিল্প এলাকার সঙ্গে যুক্ত হওয়ায় এটি দিয়ে ভারী যানবাহন চলাচল করে।

ভাটিখানা জোড়া মসজিদ এলাকার ব্যবসায়ী মো. তারেক বলেন, ‘আমাদের দুর্ভোগের কথা বললে শেষ হবে না। মূল সড়কটি ভেঙেচুরে চলাচলের অযোগ্য বহু বছর ধরে। সড়কটির দুই পাশে নালা না থাকায় বৃষ্টির সময়ে সড়ক পানিতে ডুবে থাকে। আশপাশের বাড়িঘরেও পানি ঢোকে। অনেক সময় ঘরের মেঝে পর্যন্ত পানিতে প্লাবিত হয়। পানি নামতে না পারায় সৃষ্টি হয় জলাবদ্ধতার। তখন যে কী দুর্ভোগ হয়, বলে বোঝাতে পারব না। আর ভাঙা রাস্তায় দোকানে বসতে পারি না। ভারী ট্রাক চলাচল করায় শুকনা মৌসুমে ধুলোবালি আর বর্ষার মৌসুমে জমে থাকা পানি এসে দোকানে ঢোকে।

ওই এলাকার আরেক বাসিন্দা মো. চান বলেন, ‘এলাকায় নালা না থাকায় পুরো এলাকা বর্ষার মৌসুমে জলাবদ্ধ থাকে। এ সময় আমাদের চরম ভোগান্তি হয়। এরপর মশার উপদ্রব তো আছেই।’

১৩ এপ্রিল ওয়ার্ডটির উলালঘুণি এলাকায় দেখা যায়, একটি সরু পাকা সড়কের ওপরের পিচের ঢালাই উঠে গিয়ে শুধু খোয়া টিকে আছে। সড়কটি ভাঙাচোরা হওয়ায় এলাকার লোকজনের চলাচলে বেশ বেগ পেতে হয়। এলাকাটি ঘুরে দেখা যায়, এটি এতটাই অনুন্নত যে এই এলাকা সিটি করপোরেশনের অংশ তা বোঝার উপায় নেই।

উলালঘুণি এলাকার বাসিন্দা শামসুল আলম বিশ্বাস আক্ষেপ করে বলেন, ‘আমরা যে সিটি করপোরেশনের বাসিন্দা এইটা মনেই হয় না। আমাদের ড্রেন নেই, রাস্তাঘাট নেই, পানি ঠিকমতো পাই না। সড়কে বাতি থাকলেও তা জ্বলে না। একটি সড়কবাতি ফিউজ হলে তা লাগাতে এক সপ্তাহ লেগে যায়।’ তিনি আরও বলেন, ‘পানিতে এত কষ্ট যে বোঝাতে পারব না। গৃহস্থালি কাজে ভেদুরিয়া খালের পানি ব্যবহার করতে হয়। কিন্তু সেই পানিও নষ্ট হয়ে গেছে। এখন পানিতে খুব কষ্ট পাচ্ছি আমরা।’

আরেক বাসিন্দা রিকশাচালক জাহিদ হোসেন বলেন, ‘পানির কষ্টটাই এহন বড় কষ্ট। পাশের পেসকার বাড়ি গোনে মোরা খাওনের পানিটুক আনি। গোসল, ঘরের কাম-কাইজের পানির খুব সমস্যা। আমাগো কষ্ট দ্যাহনের কেউ নাই। আর মশার কতা তো কওনোই লাগে না। দিন-রাইত মশার যন্ত্রণায় ঘরে টেকা দায়।’

এই ওয়ার্ডের কাউন্সিলর তৌহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘নাগরিকদের যেসব সেবা পাওয়ার কথা, সেগুলো আমি যথাযথভাবে দেওয়ার চেষ্টা করেছি। তাতে আমার আন্তরিকতার কোনো অভাব ছিল না। তবে রাস্তাঘাটের বিষয়টা আলাদা। এগুলো করার দায়িত্ব সিটি করপোরেশনের। সিটি করপোরেশন ঠিকাদার নিয়োগ করবে এবং করপোরেশন তা বাস্তবায়ন করবে। এখানে আমার তো কোনো ব্যর্থতা নেই। আমি প্রতি মাসে সিটি করপোরেশনের সভায় এসব রাস্তাঘাটের উন্নয়নের ব্যাপারে চাহিদাপত্র দিয়েছি। এটা করপোরেশনে খোঁজ নিলেই জানতে পারবেন।’