
■ আরডিএ মার্কেটের প্রায় আড়াই হাজার দোকান রয়েছে। সারা দিনে হাজারো মানুষের সমাগম হচ্ছে।
■ আরডিএ মার্কেটটি ‘সেফটি প্ল্যান’ অনুযায়ী নির্মাণ করা হয়নি।
■ ফায়ার সার্ভিসের গাড়ি ঢোকার জন্য এর চারপাশ দিয়ে পর্যাপ্ত জায়গাও রাখা হয়নি।
‘অগ্নিনিরাপত্তার দিক থেকে রাজশাহী আরডিএ মার্কেট খুবই ঝুঁকিপূর্ণ। বিধায় সংশ্লিষ্ট সকলকে সতর্ক হওয়ার জন্য অনুরোধ করা হলো,’ এই সতর্কবাণী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহীর। সতর্কবাণী লেখা সাইনবোর্ডটি গত সোমবার রাজশাহী নগরের সবচেয়ে ব্যস্ততম আরডিএ মার্কেটের প্রধান ফটকের সামনে টাঙিয়ে দেওয়া হয়েছে। এই বিপণিবিতানে প্রায় আড়াই হাজার দোকান রয়েছে। সারা দিনে হাজারো মানুষের সমাগম হয়। ঈদের মৌসুমে ভিড় বাড়ে।
এ ছাড়া রাজশাহী নগরের আরও চারটি মার্কেটেও এই সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে সাহেববাজার কাপড়পট্টি, সমবায় মার্কেট, সুলতানাবাদ মার্কেট ও হড়গ্রাম মার্কেট। তবে সবচেয়ে বেশি দোকান রয়েছে নগরের আরডিএ মার্কেটে।
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) সূত্রে জানা গেছে, ১৯৮৬-৮৭ সালের দিকে আরডিএ এখানে টিন শেড মার্কেট তৈরি করে। ২০০৪ সালের দিকে ওই জায়গায় আরডিএর পুনর্বাসিত ব্যবসায়ী সমিতিকে দিয়ে পর্যায়ক্রমে দোতলা ও তিনতলা মার্কেট নির্মাণ করায়।
রাজশাহী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার আবদুর রউফ বলেন, আরডিএ মার্কেটটি ‘সেফটি প্ল্যান’ অনুযায়ী নির্মাণ করা হয়নি। এতে কোনো রকম অগ্নিনির্বাপণের ব্যবস্থা নেই। এমনকি দোকানগুলোতে ফায়ার এক্সটিংগুইশার পর্যন্ত নেই। এক বছর আগে তাঁরা গাড়ি নিয়ে মার্কেটের গেটের সামনে মহড়া করে অগ্নিনির্বাপণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলে এসেছেন, কিন্তু ব্যবসায়ীরা কিছুই করেননি। শুধু গেটের সামনে ছোট একটি ট্যাংকিতে পানি রাখার ব্যবস্থা করেছেন। ফায়ার সার্ভিসের গাড়ি ঢোকার জন্য এর চারপাশ দিয়ে পর্যাপ্ত জায়গাও রাখা হয়নি। আরডিএ মার্কেটের পেছনে ফায়ার সার্ভিসের একটি গাড়ি কোনো রকমে ঢুকতে পারে। কিন্তু আরও প্রশস্ত জায়গা রেখে এই বাণিজ্যিক ভবনগুলো নির্মাণ করা দরকার ছিল। সাধারণত বড় ভবনের জন্য ২০-৩০ ফুট প্রশস্ত রাস্তা রাখা দরকার। এই মার্কেটের পাশের ১৩-১৪ ফুট রাস্তা রয়েছে।
অগ্নিনিরাপত্তার বিষয়ে ফায়ার সার্ভিসের ওই সাইনবোর্ডের দিকে ক্রেতাদের ভ্রুক্ষেপ নেই। ঈদের বাজারে সেখানে ক্রেতাদের ভিড় লেগে থাকছে। গতকাল মঙ্গলবার দুপুরে এই বিপণিবিতানে গিয়ে অন্তত ১০ জন ক্রেতার সঙ্গে কথা হয়। তাঁরা কেউ ওই সাইনবোর্ডের দিকে খেয়াল করেননি। এই সাইনবোর্ডের পাশেই দাঁড়িয়ে রাজশাহীর পবা উপজেলার দামকুড়ার এলাকার এক ব্যক্তি ও তাঁর ছেলে দাঁড়িয়ে ছিলেন। ফায়ার সার্ভিসের সাইনবোর্ডের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ওই সাইনবোর্ডে কী লেখা আছে, তা তো খেয়াল করে দেখা হয়নি।
ব্যবসায়ীদের অনেকে ওই সাইনবোর্ড দেখেছেন। একজন ব্যবসায়ী বলেন, তাঁদের আগুনের দিকে তাকানোর চেয়ে পেটের দিকে তাকাতে হচ্ছে। এখন ভবন ভেঙে যদি সরকার আদর্শ কোনো মার্কেট নির্মাণ করে দেয়, তাহলে তাঁরা পেটের আগুনে পুড়ে মরে যাবেন। আরডিএ যদি পর্যায়ক্রমে ভবন নির্মাণের কাজ করে, তাহলে সব ব্যবসায়ী হয়তো একসঙ্গে ক্ষতিগ্রস্ত হবেন না। এটা করা যেতে পারে।
আরেক ব্যবসায়ী ভিন্নমত পোষণ করে বললেন, এই ভবনের সবকিছু ঠিকই আছে। এই ভবন ভাঙার কোনো যুক্তিই নেই।
আরডিএর পুনর্বাসিত ব্যবসায়ী সমিতির সভাপতি ফরিদ মামুদ হাসান বলেন, এবার বেচাকেনা কম। মানুষের হাতের অবস্থা খারাপ। অল্প কিছু মানুষ শুধু কেনাকাটা করছেন। এই সময় ফায়ার সার্ভিস এই সাইনবোর্ড টাঙিয়ে দিয়ে গেছে। ভয়ে মানুষ মার্কেটে কম ঢুকছেন। গতকাল আরডিএ কার্যালয়ে ফায়ার সার্ভিসকে সঙ্গে নিয়ে তাঁরা বৈঠক করেছেন। আরডিএ ৮৫টি ফায়ার এক্সটিংগুইশার দিয়েছে। ঈদের পর ফায়ার সার্ভিস মহড়া করবে এবং ব্যবসায়ীদের এ ব্যাপারে প্রশিক্ষণ দেবে। যে সময়ে সাধারণত নাশকতামূলক কর্মকাণ্ড হয়ে থাকে। তা প্রতিরোধের ব্যাপারে তাঁরা পুলিশের সহযোগিতাও চেয়েছেন।