দম্পতির গলায় ছুরি ধরে টাকা ও ব্যাগ ছিনতাই

ছিনতাইয়ের শিকার হুমায়ুন কবির। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলার নুইন্যা মুইন্যা ব্রিজ এলাকায়
ছবি: প্রথম আলো

কক্সবাজারের পেকুয়া উপজেলায় এক দম্পতির গলায় ছুরি ধরে নগদ টাকা ও ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার নুইন্যা-মুইন্যা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার দুজন হলেন মো. হুমায়ুন কবির (৪৫) ও তাঁর স্ত্রী। পেকুয়া সদর ইউনিয়নের নন্দীরপাড়া গ্রামের বাসিন্দা তাঁরা।

হুমায়ুন কবিরের ভাষ্য, তিনি ও তাঁর স্ত্রী ব্যাটারিচালিত অটোরিকশায় করে পেকুয়া সদর উপজেলার চৌমুহনী থেকে নন্দীরপাড়ার বাড়িতে যাচ্ছিলেন। নুইন্যা-মুইন্যা ব্রিজ এলাকায় গিয়ে অটোরিকশাচালক রাস্তা খারাপ হওয়ায় আর সামনে যাননি। এ জন্য তাঁরা হাঁটা শুরু করেন। কিছু দূর যাওয়ার পর হঠাৎ দুই ছিনতাইকারী এসে তাঁদের গলায় ছুরি ধরে। এ সময় তাঁর কাছ থেকে একটি হাতব্যাগ ও তাঁর স্ত্রীর কাছ থেকে একটি ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়। তাঁর হাত ব্যাগে ৪৫ হাজার টাকা এবং তাঁর স্ত্রীর ভ্যানিটি ব্যাগে চার থেকে পাঁচ হাজার টাকা ছিল। সেই সঙ্গে তাঁর স্ত্রীর কাছ থেকে পৌনে এক ভরি ওজনের একটি সোনার চেইনও নিয়ে গেছে ছিনতাইকারীরা।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার বলেন, ছিনতাইসংক্রান্ত কোনো ঘটনা তাঁর জানা নেই। তবে সোশ্যাল মিডিয়ায় একজনের একটি বক্তব্য পেয়েছেন। পুলিশ এ বিষয়ে অনুসন্ধান করছে।