
কক্সবাজারের টেকনাফ উপজেলায় আশ্রয়শিবিরে রোহিঙ্গা ব্যবস্থাপনা কমিটির সদস্য সৈয়দ আহমদের (৫২) ঘরে হামলা চালিয়েছেন ‘ডাকাত কামাল’ গ্রুপের সদস্যরা। আজ শুক্রবার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা আশ্রয়শিবিরের এইচ ব্লকে এ ঘটনা ঘটে।
ডাকাতের হামলায় সৈয়দ আহমদের ভাই মো. রফিক (২৭) ও বোন রোজিনা আক্তার (৩২) গুলিবিদ্ধ হয়েছেন। তাঁরা নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা আশ্রয়শিবিরের এইচ ব্লকের ৬৩৪/১ নম্বর শেডের বাসিন্দা সুলতান আহমদের সন্তান। ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূর প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এপিবিএন ও প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, আজ ভোরে ‘ডাকাত কামাল’ গ্রুপের সক্রিয় সদস্য মোহাম্মদ আলম, সাদ্দাম হোসেনসহ ৮-১০ জন অস্ত্রধারী আশ্রয়শিবিরে ঢুকে রোহিঙ্গা ব্যবস্থাপনা কমিটির সদস্য সৈয়দ আহমদের (৫২) ঘরে হামলা করেন। এ সময় তাঁরা ৮ থেকে ১০টি গুলিবর্ষণ করেন। এতে সৈয়দ আহমদের ভাই মো. রফিক ও রোজিনা আক্তার গুলিবিদ্ধ হন। তাঁদের উদ্ধার করে আশ্রয়শিবির-সংলগ্ন আইপিডি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমান তাঁরা সেখানে চিকিৎসাধীন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম বলেন, বিষয়টি তিনি শুনেছেন। এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ থানায় কোনো অভিযোগ করেননি।