রাজশাহী জেলার মানচিত্র
রাজশাহী জেলার মানচিত্র

বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, রাজশাহীতে কলেজশিক্ষক সাময়িক বরখাস্ত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী মহাবিদ্যালয়ের এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার কলেজের ব্যবস্থপনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে নিয়ম অনুযায়ী সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষককে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়নি।  

সাময়িক বরখাস্ত হওয়া সোহেলী আক্তার নন্দনগাছী মহাবিদ্যালয়ের গার্হস্থ্য অর্থনীতি বিষয়ের প্রভাষক। গত শনিবার (১৫ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে সোহেলী আক্তার তাঁর ফেসবুক আইডিতে একটি ফটোকার্ড পোস্ট করেন। ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি’ লেখা এই ফটোকার্ডে বঙ্গবন্ধুর ছবিও ছিল। ফটোকার্ডের ক্যাপশনে লেখা ছিল, ‘বিনম্র শ্রদ্ধা’। এরপর আজ তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।

শিক্ষককে সাময়িক বরখাস্তের বিষয়ে কলেজের অধ্যক্ষ ওয়াহেদুল ইসলাম বলেন, ‘প্রভাষক সোহেলী আক্তার নিষিদ্ধঘোষিত সংগঠনের প্রধানকে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন। এটা আমরা অবগত হওয়ার পরে সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে কেউ এ ধরনের রাষ্ট্রবিরোধী পোস্ট দিতে পারে না, সে জন্য কলেজের শৃঙ্খলা রক্ষার জন্য তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’ কারণ দর্শানোর নোটিশ ছাড়াই কীভাবে বরখাস্ত করা হলো, জানতে চাইলে তিনি কোনো জবাব দেননি।

এ বিষয়ে সোহেলী আক্তার বলেন, ‘আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, এটা আমি জানি না। সাংবাদিকেরা আমাকে ফোন করেছেন, তখন জানতে পেরেছি। আমার কী দোষ, সেটাও তো জানি না। আমার কিছু বলার নেই।’ তিনি জানান, গতকাল তিনি কলেজে গিয়েছিলেন। মৌখিকভাবে সোমবারের জন্য তিনি ছুটি নিয়েছেন।

কলেজের ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি চারঘাটের নিমপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ‘আমরা বসে সর্বসম্মতিক্রমে তাঁকে সাময়িক বরখাস্ত করেছি।’ অভিযুক্ত শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এটা দেওয়া হয়নি। তবে তাঁর আরও দোষ আছে।’ সেই দোষের কথা রেজোল্যুশনে উল্লেখ করা হয়েছে কি না জানতে চাইলে তিনি আর কোনো উত্তর দেননি।