চট্টগ্রামের টেরিবাজারে পোশাকের গুদামে আগুন

চট্টগ্রামের টেরিবাজারে কাপড়ের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ সন্ধায় তোলা
ছবি: ব্যবসায়ীদের কাছ থেকে পাওয়া।

চট্টগ্রাম নগরে থানকাপড়ের বড় বাজার টেরিবাজারে একটি মার্কেটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার সন্ধ্যা সাতটার দিকে টেরিবাজারের খাজা মার্কেটে এ দুর্ঘটনা ঘটে। মার্কেটটিতে বিভিন্ন পোশাক বিক্রয়কেন্দ্রের ২০ থেকে ৩০টি গুদাম রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। রাত ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নেভেনি। তবে নিয়ন্ত্রণে এসেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা সাতটার দিকে খাজা মার্কেটের দ্বিতীয় তলায় আগুন লাগে। পরে স্থানীয় ব্যবসায়ীরা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। রাত ৯টার দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও সেখানে প্রচুর ধোঁয়া ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণকক্ষ জানায়, খবর পেয়ে আগ্রাবাদ, চন্দনপুরা ও নন্দনকাননের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে।

রাত ৯টার দিকে টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, ২০ থেকে ৩০টি গুদাম আছে সেখানে। ঈদের এ সময়ে ব্যবসায়ীদের বড় ক্ষতি করবে আগুন। এখনো ধোঁয়া বের হচ্ছে। ফায়ার সার্ভিস কাজ করছে।