নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীর সঙ্গে ঈদের কেনাকাটা করতে বের হয়ে মৌসুমী আক্তার (২৪) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। গতকাল বুধবার রাত ১১টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের হিংলাব এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, ওই গৃহবধূকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। হত্যার পারিপার্শ্বিক অবস্থা দেখে পুরো ঘটনাটি পূর্বপরিকল্পিত বলে মনে হচ্ছে।
নিহত মৌসুমী আক্তার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়া এলাকার করিম হায়দারের মেয়ে। নয় বছর আগে একই এলাকার চাল ব্যবসায়ী রাসেল মিয়ার সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। তাঁদের সংসারে মো. নাঈম নামের ছয় বছর বয়সী এক সন্তান আছে।
নিহত মৌসুমীর স্বামী রাসেল মিয়ার দাবি, রূপগঞ্জের গাউছিয়া এলাকায় ঈদের কেনাকাটা শেষে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফেরার সময় তাঁরা সড়কে ডাকাতির শিকার হয়েছেন। এ সময় ডাকাতেরা তাঁর স্ত্রী মৌসুমীর গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে। এ সময় তিনিও আহত হয়েছেন। রূপগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ঈদের কেনাকাটার জন্য বুধবার রাত আটটার দিকে রাসেল মিয়া ও মৌসুমী আক্তার দম্পতি গাউছিয়া এলাকায় যাওয়ার উদ্দেশে বের হন। রাত ১০টার দিকে মৌসুমীর বাবার বাড়িতে ফোন করে রাসেল জানান, কেনাকাটা শেষে বাড়ি ফেরার সময় তাঁরা সড়কে ডাকাতির শিকার হয়েছেন। ডাকাতেরা মৌসুমীকে খুন করেছে। পরে নিহত মৌসুমীর ভাই মো. সাজ্জাদ ও পরিবারের অন্য সদস্যরা গিয়ে লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।
এ বিষয়ে জানার জন্য রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে রূপগঞ্জ থানা-পুলিশের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, নিহত মৌসুমীর বাড়ি গাউছিয়া এলাকা থেকে দুই কিলোমিটারের মধ্যে। তাঁদের বাড়িতে যেতে সাধারণত রিকশা ও অটোরিকশা ব্যবহার করা হয়। ওই সড়কে সিএনজিচালিত অটোরিকশা চলে না। তীব্র গরমে মাত্র দুই কিলোমিটার দূরে যেতে তাঁরা কেন সিএনজিচালিত অটোরিকশায় উঠলেন, সেটা একটি বড় প্রশ্ন। তা ছাড়া যেখান থেকে লাশ উদ্ধার করা হয়েছে ওই এলাকা মৌসুমীর বাড়িতে যাওয়ার পথ নয়। নিহত মৌসুমীর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। গলায় ফাঁস দিয়ে তাঁকে হত্যা করা হয়েছে। শরীরে মাটি লেগে আছে। পিঠে সামান্য আঁচড় ছাড়া তাঁর স্বামীর শরীরেও বড় কোনো ক্ষত নেই। সব বিষয় মাথায় রেখেই পুলিশ হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে।
গতকাল গভীর রাতে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, হত্যার ঘটনাটি রহস্যজনক। এখনই স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। সব বিষয় মাথায় রেখেই হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করা হচ্ছে। মৌসুমীর বাড়ি থেকে লাশটি রূপগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি নারায়ণগঞ্জ ১০০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।
মোস্তাফিজুর রহমান বলেন, নিহতের বাড়ি রূপগঞ্জে হলেও লাশ পাওয়া গেছে সোনারগাঁয়ে। নিয়ম অনুযায়ী মামলার বিষয়টি সোনারগাঁ থানা–পুলিশ বিষয়টি দেখবে।