
রংপুর নগরের হাজিরহাট থানা এলাকায় সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরের বখতিয়ারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাঁদের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মৃত নির্মাণশ্রমিকেরা হলেন লিটন মিয়া (২৩) ও হুমায়ূন আহমেদ (৩২)। তাঁদের মধ্যে লিটনের বাড়ি রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের বালাপাড়া এলাকায় এবং হুমায়ূনের বাড়ি নগরের হাজিরহাট থানার বখতিয়ারপুর এলাকায়।
হাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব বসুনিয়া বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন। তিনি বলেন, মহানগরের ১০ নম্বর ওয়ার্ডের বখতিয়ারপুর এলাকার এনামুল হকের বাড়িতে সেপটিক ট্যাংকের ভেতর কাজ করতে নামেন নির্মাণশ্রমিক লিটন মিয়া ও হুমায়ূন আহমেদ। ভেতরে গ্যাসের কারণে বা অক্সিজেনের অভাবে তাঁদের মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় সেপটিক ট্যাংক থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।
ওসি আরও বলেন, কাজ করতে গিয়ে তাঁদের মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বাড়ির মালিক এনামুল হক প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। সেপটিক ট্যাংক ২৫ দিন আগে নির্মাণ করা হয়েছিল। কিছু কাজ বাকি থাকায় শ্রমিকেরা কাজ করতে নেমেছিলেন। দুঃখজনকভাবে দুর্ঘটনায় তাঁরা মারা গেছেন।