বিএনপির সম্ভাব্য ভোটারদের এককভাবে মুফতি ফয়জুল করীমের দিকে ঝোঁকার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তাতে ছেদ পড়েছে কামরুলের প্রার্থিতার কারণে।

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পরই স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন বরিশালের প্রয়াত বিএনপিদলীয় মেয়র আহসান হাবিব কামালের ছেলে কামরুল আহসান ওরফে রূপণ।
কিন্তু এতে তেমন একটা সাড়া ছিল না। বিএনপি নেতারাও খুব একটা গায়ে মাখেননি তাঁর ঘোষণাকে। কিন্তু নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হলে ভোটের সমীকরণে কামরুলের নাম ঘুরেফিরে কমবেশি উচ্চারিত হচ্ছে।
কামরুল প্রচার-প্রচারণায়ও বেশ কৌশলী। বিএনপি নির্বাচন বর্জন করায় বিএনপির সমর্থক ভোটারদের সহানুভূতি পেতে তাঁর প্রচার লিফলেটে লিখেছেন ‘জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী’। পরিচয় হিসেবে উল্লেখ করেছেন, ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সাবেক সদস্য—সেই পদ-পদবিও।
‘বরিশাল নগরের ভোটাররা আমার বাবাকে চেনেন, জানেন এবং ভালোবাসেন। তিনি তৃণমূল থেকে উঠে আসা একজন রাজনীতিক ও জনপ্রতিনিধি ছিলেন। এ জন্য আমার বাড়তি কিছু করার আছে বলে মনে করি না। আমি প্রত্যেক ভোটারের কাছে যাচ্ছি। তাঁদের কাছ থেকে, সাহস, সহানুভূতি পাচ্ছি, যা কিছু করব ধীরেসুস্থেই করব। মানুষ ভোট দেওয়ার সুযোগ পেলে তার প্রতিফলন দেখতে পারবেন।’কামরুল আহসান
রাজনীতি ও ভোটের মাঠ পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান সুশাসনের জন্য নাগরিকের (সুজন) বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক রফিকুল আলম প্রথম আলোকে বলেন, কামরুল আহসান নির্বাচনী প্রক্রিয়ার শুরুতে খুব একটা আলোচনায় না থাকলেও এখন ধীরে ধীরে আলোচনায় আসছেন।
শেষ পর্যন্ত তিনি ভালো প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন, এমন সম্ভাবনা ক্রমেই স্পষ্ট হচ্ছে। কারণ, বিএনপির ভোটাররা এখন কাউন্সিলর প্রার্থীদের তাগিদে ভোটকেন্দ্রে যাবেন। সে ক্ষেত্রে মেয়র পদে কামরুলই হয়ে উঠতে পারেন তাঁদের প্রথম পছন্দ। এ ছাড়া তাঁর প্রয়াত বাবার দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ডের ইতিহাস, জনপ্রতিনিধি হিসেবে নেতৃত্ব দেওয়ার কারণে তাঁর একটা বড় সমর্থক গোষ্ঠী আছে। এসব কারণে তিনি শক্ত অবস্থানে চলে এলে অবাক হওয়ার কিছু থাকবে না।
বরিশালে বিএনপির বড় ভোটব্যাংক আছে বলে মনে করেন দলটির নেতারা। সে ক্ষেত্রে বিএনপি ভোট বর্জন করায় এই ভোটাররা যে ইসলামী আন্দোলন প্রার্থীর দিকে ঝুঁকবেন, বলে মনে করা হয়েছিল। শুরুতে তাই অনেকেরই ধারণা ছিল, এই দলের প্রার্থী মুফতি ফয়জুল করীমই হতে পারেন আওয়ামী লীগের মূল প্রতিদ্বন্দ্বী। কিন্তু এখন সেই ধারণায় কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে।
কারণ, মনোনয়ন নিয়ে আওয়ামী লীগের বিভেদের কারণে দলের একটি পক্ষ মনে করছে, ফয়জুল করীমকে প্রার্থী করার পেছনে আওয়ামী লীগের একটি পক্ষের হাত আছে। এই প্রচার মুফতি ফয়জুল করীমের ভোটের মাঠে কিছুটা নেতিবাচক প্রভাব ফেলছে। পাশাপাশি বিএনপির সম্ভাব্য ভোটাররা এককভাবে মুফতি ফয়জুল করীমের দিকে ঝোঁকার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তাতে ছেদ পড়েছে কামরুলের প্রার্থিতার কারণে।
‘কামরুল আমাদের দলের কেউ নন। তাঁর বাবা দলের নেতা থাকা অবস্থায় তিনি কোনো দিন বরিশালের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন না। তাই এ ব্যাপারে আমাদের মন্তব্য করাটা সমীচীন নয়।’মনিরুজ্জামান খান, বরিশাল নগর বিএনপির আহ্বায়ক
বিএনপির নেতারা বলছেন, তাঁদের দল এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না এবং কেন্দ্রেও ভোট দিতেও যাবে না। আর কামরুল বিএনপির কেউ নন। দলে তাঁর কোনো পদ-পদবি নেই। সে ক্ষেত্রে তাঁকে কিংবা ইসলামী আন্দোলন প্রার্থীকে ভোট দেওয়ার প্রশ্নই আসে না।
কিন্তু বরিশালের নির্বাচনী মাঠের বাস্তবতা এই ভাবনার যে একেবারেই বিপরীত, তার প্রমাণ মেলে দলের পদবিধারী সাবেক ও বর্তমান ২১ জন নেতা-কর্মী দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে কাউন্সিলর প্রার্থী হয়েছেন। এই ২১ জনের কয়েকজন বর্তমান কাউন্সিলর এবং বাকিরা সবাই এলাকায় বেশ শক্তিশালী অবস্থানে আছেন। এ ছাড়া জামায়াতের চারজন কাউন্সিলর প্রার্থী আছেন। এসব কাউন্সিলর প্রার্থী নিজেদের জয় সুনিশ্চিত করতেই তাঁদের সমর্থক ভোটারদের কেন্দ্রে হাজির করবেন। কাউন্সিলর পদে ভোট দিতে গেলে মেয়র পদেও ভোটারদের ভোট দিতে হবে। আর এ ক্ষেত্রে বিএনপি সমর্থন করেন, এমন ভোটারদের প্রথম পছন্দ হয়ে উঠতে পারেন কামরুল আাহসান।
বরিশাল নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান গতকাল রোববার রাতে প্রথম আলোকে বলেন, ‘কামরুল আমাদের দলের কেউ নন। তাঁর বাবা দলের নেতা থাকা অবস্থায় তিনি কোনো দিন বরিশালের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন না। তাই এ ব্যাপারে আমাদের মন্তব্য করাটা সমীচীন নয়।’ কাউন্সিলর প্রার্থীদের কারণে বিএনপি সমর্থক ভোটাররা ভোট দিতে যাবেন কি না, এমন প্রশ্নে তিনি বলেন, যাঁরা প্রকৃতপক্ষে বিএনপির আদর্শিক রাজনীতি করেন, কিংবা দলকে ধারণ করেন, তাঁরা কখনোই ভোটকেন্দ্রে যাবেন না।
কামরুল আহসানের বাবা আহসান হাবিব কামাল গত বছর মারা যান। তিনি বরিশাল মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবীবিষয়ক সম্পাদক ছিলেন। ২০০২ সালে বরিশাল সিটি করপোরেশনে উন্নীত হওয়ার পর প্রথম মনোনীত মেয়র হিসেবে আট মাস দায়িত্ব পালন করেন আহসান হাবিব। তার আগে পৌরসভার চেয়ারম্যান ও একাধিকবার কাউন্সিলর ছিলেন। ২০১৩ সালে সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের তৎকালীন মেয়র শওকত হোসেনের (হিরণ) সঙ্গে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ১৭ হাজার ১০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন আহসান হাবিব।
এ প্রসঙ্গে কামরুল প্রথম আলোকে বলেন, ‘বরিশাল নগরের ভোটাররা আমার বাবাকে চেনেন, জানেন এবং ভালোবাসেন। তিনি তৃণমূল থেকে উঠে আসা একজন রাজনীতিক ও জনপ্রতিনিধি ছিলেন। এ জন্য আমার বাড়তি কিছু করার আছে বলে মনে করি না। আমি প্রত্যেক ভোটারের কাছে যাচ্ছি। তাঁদের কাছ থেকে, সাহস, সহানুভূতি পাচ্ছি, যা কিছু করব ধীরেসুস্থেই করব। মানুষ ভোট দেওয়ার সুযোগ পেলে তার প্রতিফলন দেখতে পারবেন।’