পেট্রল না পেয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা সদরের বোয়ালিয়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেন মোটরসাইকেল চালকরা। সোমবার বিকেলে
পেট্রল না পেয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা সদরের বোয়ালিয়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেন মোটরসাইকেল চালকরা। সোমবার বিকেলে

গাইবান্ধায় পেট্রল না পেয়ে ঢাকা-রংপুর মহাসড়ক আধা ঘণ্টা অবরোধ

গাইবান্ধায় জ্বালানি তেলের ফিলিং স্টেশনে পেট্রল না পেয়ে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন মোটরসাইকেলের চালকেরা। আজ সোমবার বেলা সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশের হস্তক্ষেপে আধা ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দুপুর থেকে গোবিন্দগঞ্জ উপজেলা সদরের বোয়ালিয়া এলাকায় অবস্থিত জিপি ফিলিং স্টেশনে পেট্রল নেওয়ার জন্য অপেক্ষা করতে থাকেন মোটরসাইকেলের চালকেরা। বেলা সাড়ে তিনটার দিকে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ পেট্রল নেই বলে জানালে মোটরসাইকেলের চালকেরা স্টেশনের সামনে মহাসড়কের ওপর মোটরসাইকেল রেখে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে রাখেন। আধা ঘণ্টা পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর আহমেদ বলেন, অল্প সময়ের জন্য মহাসড়ক বন্ধ ছিল। এরপর যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

এসব বিষয়ে জিপি ফিলিং স্টেশনের ব্যবস্থাপক আবু মুসা বলেন, ‘ব্যাংক বন্ধ থাকায় টাকা পাঠাতে পারিনি। তাই সরবরাহ না থাকায় পাম্প বন্ধ রাখতে হয়েছে।’

এদিকে গাইবান্ধা শহরের অধিকাংশ ফিলিং স্টেশন দিনভর বন্ধ রাখে কর্তৃপক্ষ। সন্ধ্যায় রেশনিং পদ্ধতিতে পেট্রল বিক্রি হয়। তবে পাম্পে ছিল মোটরসাইকেলের চালকদের দীর্ঘ সারি। দীর্ঘ সময় অপেক্ষার পর অনেক মোটরসাইকেলের চালককে পাম্প থেকে ফিরে যেতে দেখা যায়।

কয়েকজন মোটরসাইকেলচালক বলেন, ঈদের পর যানবাহনের প্রয়োজন পড়ে বেশি। কিন্তু পেট্রল না থাকায় তাঁদের চলাচলে সমস্যা হচ্ছে। অনেকেই জরুরি কাজে বের হয়ে বিপাকে পড়ছেন।

গাইবান্ধা শহরের কাদির অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে আসা সাদুল্লাপুর উপজেলার ধাপেররহাট এলাকার ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি সোলায়মান আলী বলেন, ‘এখানে রেশনিং পদ্ধতিতে পেট্রল বিক্রি করা হচ্ছে। ২০০ টাকার বেশি পেট্রল নিতে পারছি না। ২০০ টাকার পেট্রল দিয়ে কতক্ষণ চলে। যেভাবে সংকটের কথা শুনছি, কয়েক দিন পর তো পেট্রলই পাওয়া যাবে না। তখন কীভাবে চাকরি রক্ষা করব।’

পলাশবাড়ী সড়কের কাদির অ্যান্ড সন্সের ব্যবস্থাপক রোকন মিয়া বললেন, সরবরাহ না থাকায় সাময়িকভাবে পেট্রলপাম্প বন্ধ রাখা হয়েছিল। বিকেলের পর নতুন করে তেল সরবরাহ আসায় পাম্পে রেশনিং পদ্ধতিতে পেট্রল বিক্রি শুরু করা হয়েছে।