২০২০ সালে উপজেলা কমিটি গঠন করা হয়। সভাপতি ও সাধারণ সম্পাদকের দ্বন্দ্বে এখনো অনেক ইউনিয়নে কমিটি গঠিত হয়নি।

একমাত্র উপজেলা মান্দা নিয়ে গঠিত নওগাঁ-৪ নির্বাচনী এলাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ষষ্ঠবারের মতো এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বর্ষীয়ান রাজনীতিবিদ ইমাজ উদ্দিন প্রামাণিক। একসময় স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির এই নিয়ন্ত্রককে গত চার বছরে এলাকায় কম দেখা গেছে। তাঁর এই অনুপস্থিতির কারণে এবং কমিটি নিয়ে দ্বন্দ্বে একাধিক ধারায় বিভক্ত হয়ে পড়েছে মান্দা উপজেলা আওয়ামী লীগ। নেতা-কর্মীদের এই বিভক্তি আগামী জাতীয় সংসদ নির্বাচনেও প্রভাব ফেলবে বলে আশঙ্কা করছেন তৃণমূলের নেতা–কর্মীরা।
মান্দা উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা জানা গেছে, সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হওয়ার পর ইমাজ উদ্দিন প্রামাণিককে তেমন কোনো রাজনৈতিক কর্মসূচিতে দেখা যায়নি। ৮২ বছর বয়সী এই নেতা বর্তমানে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন।
দলের স্থানীয় সূত্রগুলো জানায়, সংসদ সদস্য ইমাজ উদ্দিন প্রামাণিকের নিষ্ক্রিয়তার সুযোগে একাধিক ধারায় বিভক্ত হয়ে পড়েছেন মান্দা উপজেলা আওয়ামী লীগের রাজনীতি। এর মধ্যে দুটি ধারার নেতৃত্ব দিচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মণ্ডল ও সাধারণ সম্পাদক নাহিদ মোর্শেদ। ২০২০ সালের ১৯ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হওয়ার পর কমিটির বাকি পদগুলোতে নিজেদের পছন্দের ব্যক্তিদের বসাতে সচেষ্ট হন নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক।
দলীয় সূত্রে জানা গেছে, সাধারণ সম্পাদক নাহিদ মোর্শেদ বর্তমান সংসদ সদস্য ইমাজ উদ্দিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বাইরে নওগাঁ জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক আবদুল বাকী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক এস এম ব্রহানী সুলতান মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য শেখ আবদুল লতিফ ও আবদুল মান্নান উপজেলা আওয়ামী লীগের পৃথক ধারা হিসেবে সক্রিয় আছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক মান্দা উপজেলা আওয়ামী লীগের সাবেক কমিটির এক নেতা বলেন, ‘স্বাধীনতার পর থেকে মান্দায় আওয়ামী
লীগের রাজনীতি পরিচালিত হতো বর্তমান এমপি ইমাজ উদ্দিন প্রামাণিককে ঘিরে। কিন্তু
স্থানীয় রাজনীতিতে তাঁর নিষ্ক্রিয়তার কারণে
এখানে এখন কর্মীর চেয়ে নেতাই বেশি। সবাই আবার এমপি হতে চান। বর্তমান এমপি তো আছেনই, পাশাপাশি দলের মনোনয়ন চান আরও অনেকেই।’ হাতের আঙুল গুনে মোট আটজনের নাম উল্লেখ করে বলেন, ‘এসব নেতাদের দলাদলির কারণে দলের সাংগঠনিক অবস্থা ভেঙে পড়েছে। শীর্ষ নেতাদের দ্বন্দ্বের কারণে দলের সাধারণ কর্মীরাও বিভক্ত হয়ে পড়েছে। নেতা–কর্মীদের এই বিভক্তি আগামী জাতীয় সংসদ নির্বাচনেও প্রভাব ফেলবে।’
নওগাঁ-৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা আবদুল মান্নান বলেন, ‘গত চার বছরে মাত্র তিন-চারবার এলাকায় এসেছেন এমপি। তিনি ঢাকাতেই অবস্থান করেন। তাঁর এই নিষ্ক্রিয়তার কারণে বর্তমানে মান্দা উপজেলা আওয়ামী লীগের রাজনীতি অভিভাবকহীন পড়েছে।’
জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ব্রহানী সুলতান বলেন, ‘২০১৪ সালে প্রাথমিকভাবে দল থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল। কিন্তু বিএনপি নির্বাচনে না আসায় পরবর্তী সময়ে ইমাজ উদ্দিন প্রামাণিককে মনোনয়ন দেওয়া হয় এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি এমপি নির্বাচিত হন। বয়সের কারণে সম্ভবত এবার তিনি মনোনয়ন পাচ্ছেন না। তৃণমূলের বেশির ভাগ নেতা–কর্মীই আমার সঙ্গে রয়েছেন। উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির কয়েকজন নেতার বিতর্কিত আচরণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মণ্ডল বলেন, ‘বর্তমান কমিটি নিয়ে শুরু থেকেই একটা বিরোধ আছে। কমিটিতে বিতর্কিত লোকজন স্থান পেয়েছেন এ ধরনের অভিযোগ
করা হয়েছিল। ভোটের আগে হয়তো আর নতুন কমিটি হবে না। মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত এই কমিটি নিয়েই চলতে হবে। অন্তর্দ্বন্দ্বের কারণে বেশ কিছু ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠন করা এখনো সম্ভব হয়নি।’
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাহিদ মোর্শেদ। এ বিষয়ে তিনি বলেন, ‘নিন্দুকেরা কেউ হয়তো বলতে পারে যে দলের নেতা–কর্মীদের মধ্যে অনৈক্য আছে। কিন্তু এটা সত্য নয়। সভাপতিসহ সব নেতা–কর্মী ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের সঙ্গে নিয়ে জাতীয় ও স্থানীয় কর্মসূচি আমরা পালন করে আসছি। দলে কোনো বিভক্তি নেই।’